উৎসবের মরশুমে বড় স্বস্তি! হাওড়া ও কলকাতা থেকে উত্তরবঙ্গ ও আসাম রুটে জোড়া ‘পুজো স্পেশাল’ ট্রেন
September 12, 20268:33 am
কলকাতা: দুর্গাপুজো, দীপাবলি এবং ছটপুজোয় যাত্রীদের উপচে পড়া ভিড় সামলাতে বড় পদক্ষেপ নিল পূর্ব রেল। উৎসবের মরশুমে টিকিটের অতিরিক্ত চাহিদা মেটাতে হাওড়া-লামডিং এবং কলকাতা-নিউ জলপাইগুড়ি (NJP) রুটে দুটি বিশেষ ‘পুজো স্পেশাল’ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের শেষ পর্যন্ত নির্দিষ্ট দিনে এই ট্রেনগুলি চলবে।
পূর্ব রেলের এই সিদ্ধান্তে উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের যাত্রীদের পাশাপাশি লাভবান হবেন মুর্শিদাবাদ ও মালদহ জেলার বাসিন্দারাও।
১. হাওড়া-লামডিং পুজো স্পেশাল (০৩০০৫ / ০৩০০৬)
- ০৩০০৫ হাওড়া-লামডিং স্পেশাল: ১৬ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত প্রতি শুক্রবার সকাল ৭টা ১৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। পরের দিন সকাল ৮টায় ট্রেনটি লামডিং পৌঁছবে। (মোট ৭টি ট্রিপ)
- ০৩০০৬ লামডিং-হাওড়া স্পেশাল: ১৭ অক্টোবর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত প্রতি শনিবার সকাল ১১টায় লামডিং থেকে রওনা দেবে। পরের দিন দুপুর ১২টা ৩০ মিনিটে ট্রেনটি হাওড়া পৌঁছবে। (মোট ৭টি ট্রিপ)
- যাত্রাপথের স্টপ: ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, নিউ ফরাক্কা এবং মালদহ টাউন।
- কোচ: সাধারণ দ্বিতীয় শ্রেণি (General 2nd Class), স্লিপার এবং এসি কামরা থাকবে।
২. কলকাতা-নিউ জলপাইগুড়ি পুজো স্পেশাল (০৩১২৯ / ০৩১৩০)
- ০৩১২৯ কলকাতা-NJP স্পেশাল: ১৭ অক্টোবর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত প্রতি শনিবার ও রবিবার রাত ১১টা ১০ মিনিটে কলকাতা স্টেশন থেকে ছাড়বে। পরের দিন সকাল ১০টা ৪৫ মিনিটে পৌঁছবে নিউ জলপাইগুড়ি। (মোট ১৪টি ট্রিপ)
- ০৩১৩০ NJP-কলকাতা স্পেশাল: ১৮ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত প্রতি রবিবার ও সোমবার দুপুর ১২টা ৪৫ মিনিটে নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে। রাত ১২টা ৪০ মিনিটে (পরের দিন) ট্রেনটি কলকাতায় পৌঁছবে। (মোট ১৪টি ট্রিপ)
- যাত্রাপথের স্টপ: নৈহাটি, ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, নিউ ফরাক্কা এবং মালদহ টাউন।
- কোচ: সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার এবং এসি কামরা সুবিধা থাকবে।
পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিশেষ ট্রেনগুলির টিকিট বুকিংয়ের তারিখ দ্রুত ঘোষণা করা হবে।