পাউরুটি-চিপস কেনার আগে সতর্কবার্তা! প্যাকেটে বাধ্যতামূলক হচ্ছে স্পষ্ট লেবেল

পাউরুটি-চিপস কেনার আগে সতর্কবার্তা! প্যাকেটে বাধ্যতামূলক হচ্ছে স্পষ্ট লেবেল

প্যাকেটজাত খাবারের ক্ষতিকর উপাদান সম্পর্কে সাধারণ মানুষকে সতর্ক করতে এবার কঠোর অবস্থান নিল শীর্ষ আদালত। চিপস, পাউরুটি বা বিস্কুটের মতো প্যাকেটজাত খাবারে অতিরিক্ত চিনি, চর্বি ও লবণের পরিমাণ কতখানি, তা মোড়কের সামনের অংশেই স্পষ্ট করে তুলে ধরতে হবে— এই ‘ফ্রন্ট-অফ-প্যাকেজ লেবেলিং’ (FoPL) ব্যবস্থার বাস্তবায়নে কেন্দ্র সরকারের কাছে বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে সুপ্রিম কোর্ট।

বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ নির্দেশ দিয়েছে, শিশুদের মধ্যে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের ঝুঁকি কমাতে ও সচেতনতা বাড়াতে অবিলম্বে স্কুলের পাঠ্যক্রমে পুষ্টি-বিষয়ক শিক্ষা যুক্ত করার পরিকল্পনা জানাতে হবে কেন্দ্রকে।

খাদ্য নিরাপত্তা সংক্রান্ত নিয়ামক সংস্থা ‘FSSAI’ এই লেবেলিং ব্যবস্থাটি ধাপে ধাপে কার্যকর করার প্রস্তাব দিয়েছিল, যাতে খাদ্য প্রস্তুতকারক সংস্থাগুলি খাদ্য উপাদান পরিবর্তনের কিছুটা সময় পায়। তবে এই বাস্তবায়নের কোনো সুনির্দিষ্ট সময়সীমা না থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে শীর্ষ আদালত। বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, খাদ্য শিল্প সংস্থাগুলির সুবিধার দোহাই দিয়ে জনস্বাস্থ্যের নিরাপত্তাকে অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়া যাবে না।

আদালতের নির্দেশে আগামী ১০ দিনের মধ্যে FSSAI-কে একটি বৈজ্ঞানিকভাবে সমর্থিত ও সময়সীমাযুক্ত হলফনামা জমা দিতে হবে। আগামী ২৮ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *