রাজনীতির কালো ছায়ায় তিলোত্তমা: পর্দাফাঁস করতে আসছে ‘দ্য ক্যালকাটা ফাইলস’

কলকাতা বললেই চোখে ভাসে কফি হাউসের আড্ডা, সংস্কৃতি আর নস্টালজিয়া। তবে এই শহরের বুকে লুকিয়ে রয়েছে রাজনৈতিক টানাপোড়েন ও ক্ষমতার লড়াইয়ের আরেক বাস্তব রূপ। তিলোত্তমার সেই অন্ধকার অন্দরমহল ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে এবার প্রেক্ষাগৃহে আসছে নতুন সোশিও-পলিটিক্যাল ক্রাইম থ্রিলার ‘দ্য ক্যালকাটা ফাইলস’।
সৌভিক দে-র পরিচালনায় এবং ‘স্যাফায়ার প্রোডাকশন’-এর ব্যানারে তাপসী দাসের প্রযোজনায় নির্মিত হচ্ছে এই ছবি। এই থ্রিলারের অন্যতম মূল আকর্ষণ বিশিষ্ট অভিনেত্রী স্বাগতা মুখোপাধ্যায়ের বড় পর্দায় প্রত্যাবর্তন। ছবিতে তাঁকে রাজ্যের এক শক্তিশালী মুখ্যমন্ত্রীর চরিত্রে দেখা যাবে। দীর্ঘ দিন পর বড় পর্দায় তাঁর এই গুরুত্বপূর্ন উপস্থিতি ইতিমধ্যেই সিনেমাপ্রেমীদের কৌতূহল দ্বিগুণ করে দিয়েছে।
‘Power’ (ক্ষমতা), ‘Corruption’ (দুর্নীতি) এবং ‘Justice’ (ন্যায়)—এই তিনটি মূল শব্দের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে ছবির মূল গল্প। রাজনীতির অন্ধকারের পেছনের সত্য, ক্ষমতার লোভ, বিশ্বাসঘাতকতা এবং তার মাঝে ন্যায়ের জন্য লড়াই কীভাবে রূপ নেয়, তা-ই ফুটিয়ে তোলা হবে এতে। পশ্চিমবঙ্গের চেনা রাজনৈতিক পরিমণ্ডলের ছায়া নিয়ে তৈরি এই ‘ক্যালকাটা ফাইলস’ বক্স অফিসে কতটা আলোড়ন তোলে, এখন সেটাই দেখার। চূড়ান্ত মুক্তির দিন ঘনিয়ে না এলেও ছবির প্রথম ঝলকই জোর চর্চা শুরু করে দিয়েছে।