উপ-সংশোধনাগারে বিষাক্ত খাবার? অসুস্থ ১৮ বন্দির চিকিৎসায় জেলের অন্দরেই মেডিক্যাল টিম

উপ-সংশোধনাগারে বিষাক্ত খাবার? অসুস্থ ১৮ বন্দির চিকিৎসায় জেলের অন্দরেই মেডিক্যাল টিম

উত্তর ২৪ পরগনা: জেলের খাবার খেয়ে আচমকাই তীব্র শারীরিক অসুস্থতায় আক্রান্ত হলেন ১৮ জন বন্দি। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট উপ-সংশোধনাগারে। প্রাথমিক অনুমান, খাদ্যে বিষক্রিয়ার (ফুড পয়জনিং) ফলেই এই বিপত্তি ঘটেছে।

সূত্রের খবর, সংশোধনাগারে খাবার খাওয়ার পর থেকেই একে একে বন্দিদের মধ্যে বমি ও পাতলা পায়খানার উপসর্গ দেখা দিতে শুরু করে। পরিস্থিতি আঁচ করতে পেরে দ্রুত পদক্ষেপ করে স্বাস্থ্য দফতর। বসিরহাট জেলা হাসপাতাল থেকে চিকিৎসকের নেতৃত্বে ৮ সদস্যের একটি বিশেষ মেডিক্যাল টিম জেলের ভেতরে পৌঁছে আক্রান্ত বন্দিদের জরুরি চিকিৎসা ও ওষুধপ্রদান করে।

বসিরহাট স্বাস্থ্য জেলার মুখ্য আধিকারিক (CMOH) ডাঃ অনুপম ভট্টাচার্য্য জানান, খাদ্যে বিষক্রিয়ার কারণে প্রায় ১৭ থেকে ১৮ জন বন্দি ডায়রিয়ায় আক্রান্ত হয়েছিলেন। তবে সময়মতো ওষুধ দেওয়ার পর বর্তমানে সকলেই সুস্থ ও স্থিতিশীল রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় কাউকে হাসপাতালে স্থানান্তর করতে হয়নি।

তবে জেলের মতো সুরক্ষিত জায়গায় কীভাবে এই বিষক্রিয়া ঘটল, তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। খাবারের গুণমান, রান্নার পদ্ধতি এবং সংরক্ষণের ব্যবস্থায় কোনো গাফিলতি ছিল কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। স্বাস্থ্য দফতরের পাশাপাশি পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *