মার্কিন আধিপত্যোনচ্ছেদ! এআই দুনিয়ায় নতুন জোট গড়তে আসরে বেজিং

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দুনিয়ায় মার্কিন আধিপত্যকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে এবার সংঘবদ্ধভাবে আসরে নামল বেজিং। নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনের মঞ্চকে কাজে লাগিয়ে ওপেন-সোর্স এআই এবং লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল তৈরিতে সদস্য দেশগুলিকে সহযোগিতার অভিনব প্রস্তাব দিয়েছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং।
ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, চিনের নেতৃত্বে একটি নতুন কমিউনিটি গঠন করে কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল তৈরি ও তার ব্যবহারে একে অপরকে সাহায্য করার কথা বলেছেন জিনপিং। পাশাপাশি, বেইজিংয়ের উদ্যোগে সম্প্রতি সাংহাইতে সদর দফতর নিয়ে চালু হওয়া ‘ওয়ার্ল্ড এআই কোঅপারেশন অর্গানাইজেশন’-এ ব্রিকসভুক্ত দেশগুলিকে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে। ইতিমধ্যেই রাশিয়া, পাকিস্তান, কাজাখস্তান ও ব্রাজিলের মতো দেশ এর প্রতিষ্ঠাতা চুক্তিতে সই করলেও, ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশ এতে অংশ নেয়নি।
এদিকে চিনের এই জোরালো প্রস্তাব ব্রিকসের আনুষ্ঠানিক যৌথ ঘোষণাপত্রে সরাসরি জায়গা না পেলেও, সেই ঘোষণাপত্রে এআই সম্পদের নাগাল পাওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা, ডেটার সুরক্ষা ও স্বচ্ছতা বজায় রাখার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়ন তাদের কঠোর এআই আইনের মাধ্যমে ওপেন-সোর্স মডেলগুলির ক্ষেত্রে নজরদারি ও নিয়ন্ত্রণ বজায় রাখছে। সব মিলিয়ে, দিল্লির ব্রিকস সম্মেলন থেকেই স্পষ্ট হয়ে উঠেছে যে মার্কিন একক আধিপত্য ভেঙে এআই কূটনীতিতে নিজেদের প্রভাব বিস্তারের লড়াইয়ে নেমে পড়েছে চিন।