‘হরমুজ়ের সুরক্ষা একাই দেবে আমেরিকা?’ যুদ্ধ শেষে বিশ্বজুড়ে ক্ষতিপূরণ দাবি ট্রাম্পের

‘হরমুজ়ের সুরক্ষা একাই দেবে আমেরিকা?’ যুদ্ধ শেষে বিশ্বজুড়ে ক্ষতিপূরণ দাবি ট্রাম্পের

ওয়াশিংটন: মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝে এবার গোটা বিশ্বের কাছেই ‘ক্ষতিপূরণ’ চেয়ে বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর সাফ বক্তব্য, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ় প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে একমাত্র আমেরিকাই অর্থ ও শ্রম ঢালছে। তাই নিখরচায় অন্য দেশগুলির এই সুবিধা নেওয়া আর বরদাস্ত করা হবে না। সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ পোস্ট করে ট্রাম্প স্পষ্ট জানান, ইরান যুদ্ধ শেষ হলেই বিশ্বমঞ্চকে মার্কিন যুক্তরাষ্ট্রকে ক্ষতিপূরণ মেটাতে হবে।

বিশ্বের বোঝা ও ট্রাম্পের বার্তা ট্রাম্পের অভিযোগ, আমেরিকা প্রজন্মের পর প্রজন্ম ধরে পৃথিবীর নানা দেশের নিরাপত্তার বোঝা একা বয়ে আসছে, কিন্তু বিনিময়ে কোনও সাহায্য মেলেনি। এবার থেকে আমেরিকা কেবল নিজের স্বার্থকেই অগ্রাধিকার দেবে জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, “বিশ্বের যেসব দেশ আমাদের সাহায্য করেনি, যুদ্ধ থামলে তাদের অবশ্যই আমেরিকাকে ক্ষতিপূরণ দেওয়া উচিত এবং তা দিতেই হবে।”

তেলের বিশ্ববাজার ও ইরানকে কটাক্ষ ইরান সংঘাতের জেরে হরমুজ় প্রণালী দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল প্রায় স্তব্ধ হয়ে পড়েছে। তার প্রভাব পড়েছে বিশ্ববাজারে; আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ইতিমধ্যেই ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে গিয়েছে। এই সঙ্কটের জন্য তেহরানকে দায়ী করে ইরানকে একটি ‘ব্যর্থ রাষ্ট্র’ হিসেবে তোপ দাগেন ট্রাম্প। তাঁর দাবি, ইরান এখন মরিয়া হয়ে চুক্তি করতে চাইছে, তবে ওয়াশিংটন তাদের সঙ্গে আলোচনায় বসবে কি না, সেই সিদ্ধান্ত ট্রাম্প নিজেই নেবেন।

আম আমেরিকায় মূল্যবৃদ্ধি ও বাইডেনকে তোপ যুক্তরাষ্ট্রে পেট্রোল-ডিজেলের রেকর্ড মূল্যবৃদ্ধি এবং সার্বিক মূল্যস্ফীতি নিয়ে দেশবাসীর ক্ষোভের মুখে ট্রাম্প সম্পূর্ণ দায় চাপিয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর। ট্রাম্পের দাবি, “এই চরম মূল্যবৃদ্ধি ‘স্লিপি বাইডেন’ এবং তাঁর প্রশাসনের ব্যর্থতার ফল।” তবে একই সঙ্গে আশ্বাস দিয়ে তিনি জানান, তেল ছাড়া অন্যান্য সামগ্রীর দাম কমতে শুরু করেছে এবং যুদ্ধ থামলেই বিশ্ববাজারে তেলের দর একধাক্কায় অনেকটা নিচে নেমে আসবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *