‘প্রশ্ন পড়ুয়াদের সুরক্ষার’, বেহাল স্কুলপথ নিয়ে রাজ্যকে রিপোর্ট পেশের নির্দেশ

‘প্রশ্ন পড়ুয়াদের সুরক্ষার’, বেহাল স্কুলপথ নিয়ে রাজ্যকে রিপোর্ট পেশের নির্দেশ

দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে জলাজমি পেরিয়ে বিপজ্জনকভাবে স্কুলে পৌঁছতে হচ্ছে খুদে পড়ুয়াদের। এই ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, বিষয়টিকে কেবল পরিকাঠামোগত ত্রুটি হিসেবে দেখার সুযোগ নেই। শিশুদের নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশে শিক্ষা পাওয়ার মৌলিক অধিকার এবং তাদের ভবিষ্যতের সঙ্গে এটি সরাসরি যুক্ত।

মগরাহাট-১ ব্লকের বনেশ্বরপুর আরডিবিপিএম স্কুল এবং রোসা দোগাছা এফপি স্কুলের নতুন ভবন দুটি কার্যত জলাজমি দিয়ে ঘেরা। মূল রাস্তার সঙ্গে সরাসরি যোগাযোগের কোনো কংক্রিটের পথ নেই। ফলে প্রতিদিন ক্লাস করতে আসা এবং মিড-ডে মিল খাওয়ার জন্য জল-কাদা ভেঙে ওই জলাজমি পার হতে বাধ্য হচ্ছে পড়ুয়ারা। পরিস্থিতি তুলে ধরে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন রবীন্দ্রনাথ সাহা নামে এক ব্যক্তি।

মামলার শুনানিতে বিচারপতিদের ডিভিশন বেঞ্চ রাজ্যকে আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে পরিস্থিতি স্পষ্ট করে হলফনামা জমা দেওয়ার কড়া নির্দেশ দিয়েছে। একই সঙ্গে মূল রাস্তা থেকে স্কুলের ভৌগোলিক অবস্থান ও দূরত্ব বোঝাতে মামলাকারীকে একটি স্কেচ ম্যাপ জমা দিতে বলা হয়েছে।

দক্ষিণ ২৪ পরগনার জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিককেও এই মামলায় যুক্ত করার অনুমতি দিয়েছে আদালত। রাজ্যের তরফে হলফনামা জমা পড়ার পর আগামী ২৮ সেপ্টেম্বর মামলাটি ফের শুনানির জন্য উঠবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *