প্রয়াগরাজে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি, ঝাঁজরা সমাজবাদী পার্টির নেতা পবন যাদব

প্রয়াগরাজে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি, ঝাঁজরা সমাজবাদী পার্টির নেতা পবন যাদব

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে এক সমাজবাদী পার্টি (সপা) নেতাকে প্রকাশ্যে গুলি করে খুনের ঘটনায় রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় প্রয়াগরাজের হান্ডিয়া এলাকায় এই মর্মান্তিক হামলা চালানো হয়। মৃত নেতার নাম পবন যাদব, যিনি প্রয়াগরাজ অঞ্চলে সমাজবাদী পার্টির সাধারণ সম্পাদক পদে ছিলেন।

কীভাবে ঘটল এই হত্যাকাণ্ড? পবন যাদবের ভাই ব্রজেশ যাদব জানান, মঙ্গলবার সন্ধ্যায় একটি অচেনা ফোন পাওয়ার পরেই বাড়ি থেকে বেরিয়ে যান পবন। হান্ডিয়া এলাকায় একজনের সঙ্গে কথা বলার সময় মোটরসাইকেলে চেপে আসা তিন দুষ্কৃতী তাঁকে পেছন থেকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। পরিবারের দাবি, পবনের সঙ্গে কারও ব্যক্তিগত শত্রুতা ছিল না।

পুলিশি তদন্ত ও সিসিটিভি স্ক্যান ঘটনাটিকে সুপরিকল্পিত রাজনৈতিক বা ব্যক্তিগত হত্যাকাণ্ড বলে সন্দেহ করছে পুলিশ। গঙ্গানগর এলাকার ডিসিপি কুলদীপ সিং গুনাওয়াত জানান, দুষ্কৃতীদের চিহ্নিত করতে সংলগ্ন এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পবনকে শেষবার কে ফোন করে ডেকেছিল, তা জানতে মোবাইল ফোনের কল ডিটেইলস রেকর্ড (CDR) পরীক্ষা করছেন তদন্তকারীরা।

আইনশৃঙ্খলা নিয়ে যোগী সরকারকে নিশানা এই ঘটনা প্রকাশ্যে আসার পরপরই উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে তীব্র আক্রমণ করেছে সমাজবাদী পার্টি। সপা প্রধান অখিলেশ যাদবের অভিযোগ, রাজ্যে অপরাধ দমনের যে দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ ভুয়ো; বাইরে থেকে আসা দুষ্কৃতীদের আশ্রয় দিচ্ছে ক্ষমতাসীন বিজেপি। একইভাবে সপা মুখপাত্র নিধি যাদবও যোগী সরকারের ব্যর্থতাকেই এই খুনের জন্য দায়ী করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *