সাইবার মামলায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ, স্বস্তি পেতে সুপ্রিম দরবারে কালীঘাটপন্থী দল

সাইবার মামলায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ, স্বস্তি পেতে সুপ্রিম দরবারে কালীঘাটপন্থী দল

নয়াদিল্লি/কলকাতা: রাজ্য পুলিশের সাইবার বিভাগের তরফে চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় করার সিদ্ধান্তের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো কালীঘাটপন্থী তৃণমূল। এর আগে কলকাতা হাই কোর্টে এ বিষয়ে আবেদন জানানো হলেও কোনো আইনি স্বস্তি মেলেনি। ফলে দলীয় কার্যক্রম পরিচালনা ও অর্থ তোলার অনুমতি চেয়ে সরাসরি শীর্ষ আদালতের দরবারে পৌঁছাল দলটি। আগামী সপ্তাহেই সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

একটি সাইবার অপরাধ সংক্রান্ত এফআইআর-এর (FIR) সূত্র ধরে ইন্ডিয়ান ব্যাঙ্কে থাকা তৃণমূলের এই চারটি অ্যাকাউন্ট ফ্রিজ় করে রাজ্য পুলিশের সাইবার বিভাগ। তদন্তকারীদের দাবি ছিল, একটি বড় মাপের ‘অর্গানাইজড ক্রাইম’-এর রহস্য উন্মোচনে ওই অ্যাকাউন্টগুলির আর্থিক লেনদেন গভীরভাবে খতিয়ে দেখা প্রয়োজন।

আইনি লড়াইয়ের প্রথম ধাপে কালীঘাটপন্থী তৃণমূলের যুক্তি ছিল, রাজনৈতিক দলের দৈনন্দিন কাজকর্ম—যেমন জনসভা, মিছিল, নির্বাচনী প্রচার এবং কর্মীদের বেতন প্রদান পরিচালনা করতে টাকার দরকার। তাই এই চার অ্যাকাউন্ট সচল করার আর্জি নিয়ে তারা কলকাতা হাইকোর্টে মামলা করে। কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্য তাদের সেই আবেদনে সাড়া দেননি। হাই কোর্ট থেকে কোনো ধরনের আর্থিক ছাড় না মেলায় পুরোপুরি থমকে যায় ওই অ্যাকাউন্টগুলির লেনদেন।

উল্লেখ্য, এর আগেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) তৃণমূলের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় করেছিল। সেই সময় হাই কোর্ট একজন ‘স্পেশাল অফিসার’ নিয়োগ করে শর্তসাপেক্ষে অর্থ খরচের অনুমতি দিয়ে ব্যবস্থা সুগম করেছিল। তবে বর্তমান চার অ্যাকাউন্টের ক্ষেত্রে হাইকোর্টে স্বস্তি না মেলায় এবার সুপ্রিম কোর্টের রায়ের দিকেই তাকিয়ে কালীঘাটপন্থী তৃণমূল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *