কালিয়াচকে পুলিশের মেগা স্ট্রাইক: ২ কোটির ব্রাউন সুগার ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৩

কালিয়াচকে পুলিশের মেগা স্ট্রাইক: ২ কোটির ব্রাউন সুগার ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৩

মালদা: ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কালিয়াচকে দুটি পৃথক অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল পুলিশ। এক রাতেই বিপুল পরিমাণ বেআইনি আগ্নেয়াস্ত্র এবং প্রায় ২ কোটি টাকা মূল্যের ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। এই পাচারচক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সীমান্তে আগ্নেয়াস্ত্র উদ্ধার সোমবার সন্ধ্যায় কালিয়াচকের গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ সীমান্ত সংলগ্ন নলদাহাড়ি এলাকায় অভিযান চালায়। সেখানে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করা দুই যুবককে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৪টি বেআইনি পাইপ গান উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বিহার থেকে আগ্নেয়াস্ত্র কিনে বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল ধৃত দুষ্কৃতীদের।

বাড়ির পেছনের জঙ্গলে মাদকের কারখানা অপর একটি ঘটনায় কালিয়াচক থানার পুলিশ দক্ষিণ লক্ষ্মীপুর এলাকা থেকে আঞ্জু শেখ নামে এক প্রৌঢ় মাদক কারবারিকে আটক করে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ জানতে পারে, আঞ্জু নিজের বাড়ির পেছনের জঙ্গলে বেআইনিভাবে ব্রাউন সুগার তৈরির কারবার চালাচ্ছিল। সেখানে অভিযান চালিয়ে হাতেনাতে তাকে গ্রেপ্তার করা হয় এবং প্রায় ৬ কেজি ব্রাউন সুগার বাজেয়াপ্ত হয়। আন্তর্জাতিক বাজারে উদ্ধার হওয়া এই মাদকের দাম আনুমানিক ২ কোটি টাকা।

মঙ্গলবার ধৃতদের মালদা আদালতে পেশ করে পুলিশ হেফাজতে চাওয়ার আবেদন জানানো হয়েছে। জেলা পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, এই দুটি ঘটনার নেপথ্যে কোনো আন্তর্জাতিক পাচারকারী চক্র বা বড় কোনো সিন্ডিকেট জড়িয়ে রয়েছে কি না, তা জানতে কালিয়াচক থানা ও গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ যৌথ তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *