দিল্লিতে ট্রেনযাত্রীদের বিরাট স্বস্তি! স্টেশনে চালু হলো হাই-টেক ‘ডিজিটাল লকার’

দিল্লি সফর বা ট্রেন বদলের সময় ভারী লাগেজ সামলানো এখন আর কোনো ঝক্কির বিষয় নয়। যাত্রীদের দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধানে উত্তর রেলওয়ে দিল্লির চারটি প্রধান রেল স্টেশনে চালু করল অত্যাধুনিক এবং সম্পূর্ণ স্বয়ংক্রিয় ‘ডিজিটাল লকার’ পরিষেবা।
নতুন দিল্লি (NDLS), হযরত নিজামুদ্দিন (NZM), দিল্লি জংশন (DLI) এবং আনন্দ বিহার টার্মিনাল (ANVT)—এই চার ব্যস্ততম স্টেশনে আসা যাত্রীরা এখন নিশ্চিন্তে নিজেদের মালপত্র জমা রেখে শহর ঘুরে দেখতে বা দীর্ঘ সময়ের অপেক্ষাকে আরামদায়ক করে নিতে পারবেন। উত্তর রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা হিমাংশু শেখর উপাধ্যায় জানিয়েছেন, যাত্রীদের বিভিন্ন ধরনের ব্যাগের কথা ভেবে মিনি, ছোট, মাঝারি, বড় এবং অতিরিক্ত বড়—সব মাপেরই লকার রাখা হয়েছে।
ডিজিটাল লকার ব্যবহারের সহজ নিয়মাবলী
- মোবাইল ভেরিফিকেশন: লকারের ডিজিটাল স্ক্রিনে নিজের মোবাইল নম্বর দিলেই একটি ওটিপি (OTP) আসবে, যা দিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে।
- আকার ও সময় নির্বাচন: ব্যাগের পরিমাণ অনুযায়ী লকারের সাইজ এবং কত সময়ের জন্য রাখবেন তা বেছে নিতে হবে।
- সহজ ডিজিটাল পেমেন্ট: গুগল পে (Google Pay), পেটিএম (Paytm) কিংবা ফোনপে (PhonePe)-র মতো ইউপিআই মাধ্যমে সরাসরি টাকা মেটানো যাবে।
- মালপত্র খালাস: লাগেজ ফেরত নেওয়ার সময় পুনরায় রেজিস্টার্ড মোবাইল নম্বর ও ওটিপি দিয়ে ‘রিলিজ’ অপশনে ক্লিক করলেই লকারটি নিজে থেকেই খুলে যাবে।
বর্তমান স্থিতি ও অবস্থান এই হাই-টেক পরিষেবাটি ২৪ ঘণ্টাই চালু থাকবে। বর্তমানে নতুন দিল্লি স্টেশনের ১৬ নম্বর প্ল্যাটফর্মের প্রধান হলের ডিজিটাল ডিসপ্লে বোর্ডের নিচে এবং হযরত নিজামুদ্দিন স্টেশনের প্রধান প্রবেশদ্বারের সিড়ির পাশে এই সুবিধা সক্রিয় রয়েছে। আনন্দ বিহার ও দিল্লি জংশনেও খুব দ্রুত এই লকারগুলো যাত্রীদের ব্যবহারের জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে।