কান টানতে প্লায়ার্স, পায়ে হাতুড়ির ঘা! স্কুলে শিক্ষকের হাড়হিম করা বর্বরতা

কান টানতে প্লায়ার্স, পায়ে হাতুড়ির ঘা! স্কুলে শিক্ষকের হাড়হিম করা বর্বরতা

উত্তরপ্রদেশের গোরখপুরের সহজনওয়া থানার অন্তর্গত ভাদারখি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার পবিত্রতা ভেঙে প্রকাশ্যে এল এক শিউরে ওঠার মতো ঘটনা। শাস্তি দেওয়ার নামে কোমলমতি পড়ুয়াদের ওপর পৈশাচিক নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ, ক্লাসে শিশুদের কান টানতে প্লায়ার্স ব্যবহার করতেন ওই শিক্ষক এবং সজোরে পায়ে আঘাত হানতেন হাতুড়ি দিয়ে।

মঙ্গলবার স্কুল থেকে ফেরার পর চতুর্থ শ্রেণির সঞ্জয়, পঞ্চম শ্রেণির সত্যবান এবং তৃতীয় শ্রেণির দীপক ও কৃষ্ণের মতো একাধিক শিশুর শরীরে গভীর কালশিটে দেখতে পান অভিভাবকেরা। খুদেদের জিজ্ঞাসাবাদ করতেই ক্লাসরুমের ভেতরে চলা এই বর্বরোচিত অত্যাচারের কথা সামনে আসে।

ঘটনা জানাজানি হতেই বুধবার সকালে অভিভাবক ও স্থানীয় গ্রামবাসীরা স্কুলে গিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং অভিযুক্ত শিক্ষককে অবিলম্বে বরখাস্ত করার পাশাপাশি কঠোরতম শাস্তির দাবি জানান। এ বিষয়ে ব্লক শিক্ষা কর্মকর্তা যজ্ঞ নারায়ণ বর্মা আশ্বাস দিয়েছেন, লিখিত অভিযোগ পেলেই পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দোষী শিক্ষকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *