প্রসেনজিতের মুকুটে নয়া পালক, কেন্দ্র তৈরি করল ১৮ জনের নতুন সেন্সর কমিটি

প্রসেনজিতের মুকুটে নয়া পালক, কেন্দ্র তৈরি করল ১৮ জনের নতুন সেন্সর কমিটি

‘সেন্সর বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন’ (CBFC)-এর নতুন কমিটি পুনর্গঠন করল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। আগামী তিন বছর কিংবা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কার্যকর থাকবে এই নতুন বোর্ড। ১৮ জন সদস্যের গঠিত এই কমিটিতে জায়গা করে নিয়েছেন দেশের বিনোদন ও চলচ্চিত্র জগতের একাধিক দিকপাল ব্যক্তিত্ব।

কমিটিতে বাংলা সিনেমা জগতের তারকা তথা পদ্মশ্রীপ্রাপ্ত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অন্তর্ভুক্তি জাতীয় স্তরে টলিউডের সম্মান আরও বাড়িয়ে তুলেছে। পাশাপাশি এই নবরূপায়িত বোর্ডে স্থান পেয়েছেন প্রীতি জ়িন্টা, সুনীল শেট্টি, পঙ্কজ ত্রিপাঠী, রূপালি গঙ্গোপাধ্যায় এবং পল্লবী জোশীর মতো একাধিক জনপ্রিয় মুখ।

হিন্দি ছবির পাশাপাশি আঞ্চলিক চলচ্চিত্র জগতের ভারসাম্য বজায় রেখে তৈরি করা হয়েছে নতুন এই বোর্ড। অন্যান্য সদস্যদের তালিকায় রয়েছেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক প্রিয়দর্শন, তিনবারের গ্র্যামিজয়ী সঙ্গীত পরিচালক রিকি কেজ, বিশিষ্ট গায়ক হন্সরাজ হন্স, প্রবীণ অভিনেতা মনোজ জোশী, বিনোদ অনুপম, অভিষেক জৈন, সুপ্রিয়া ইয়ারলাগড্ডা, যতীন্দ্র মিশ্র, নীল মাধব পান্ডা, নিশিন্ধা ওয়াদ, ওয়ামন কেন্দ্র ও রমেশ পতঙ্গে।

আগামী তিন বছর দেশের সমস্ত ছোট-বড় চলচ্চিত্রের ছাড়পত্র প্রদান, প্রয়োজনীয় দৃশ্যের কাট-ছাঁট কিংবা যেকোনো নীতিগত সিদ্ধান্ত নেওয়ার চূড়ান্ত দায়িত্ব থাকবে এই নবগঠিত কমিটির হাতেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *