কানে প্লায়ার্স, পায়ে হাতুড়ি! প্রাথমিক স্কুলের শিক্ষকের বর্বরোচিত কাণ্ড

কানে প্লায়ার্স, পায়ে হাতুড়ি! প্রাথমিক স্কুলের শিক্ষকের বর্বরোচিত কাণ্ড

উত্তরপ্রদেশের গোরখপুরে শিক্ষার প্রাঙ্গণে এক শিক্ষকের বিরুদ্ধে পৈশাচিক নির্যাতনের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সহজনওয়া থানা এলাকার ভাদারখি প্রাথমিক বিদ্যালয়ে প্লায়ার্স ও হাতুড়ি দিয়ে খুদে পড়ুয়াদের ওপর নারকীয় অত্যাচার চালানোর ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।

গত মঙ্গলবার স্কুল ছুটির পর বাড়ি ফিরে শিশুরা কান্নায় ভেঙে পড়লে ঘটনার সূত্রপাত। অভিভাবকরা দেখতে পান শিশুদের কান ও পায়ে মারাত্মক কালশিটে দাগ। জিজ্ঞাসাবাদে খুদে পড়ুয়ারা জানায়, ক্লাসে সাজা দেওয়ার নামে এক শিক্ষক প্লায়ার্স দিয়ে কান টেনে ধরেছেন এবং পায়ে সজোরে হাতুড়ির আঘাত করেছেন। এই নৃশংসতার শিকার হয়েছে চতুর্থ শ্রেণির সঞ্জয়, পঞ্চম শ্রেণির সত্যবান এবং তৃতীয় শ্রেণির দীপক ও কৃষ্ণের মতো বেশ কয়েকজন কোমলমতি শিক্ষার্থী।

এই ঘটনার প্রতিবাদে বুধবার সকালে বিক্ষুব্ধ অভিভাবকরা স্কুলে চড়াও হন এবং অভিযুক্ত শিক্ষককে অবিলম্বে বরখাস্তসহ কঠোর শাস্তির দাবি জানান। পরিস্থিতি সামাল দিতে ব্লক শিক্ষা কর্মকর্তা যজ্ঞ নারায়ণ বর্মা আশ্বাস দিয়ে জানান, প্রশাসনিকভাবে লিখিত অভিযোগ পেলেই পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে এবং দোষী শিক্ষকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *