প্রেম ভাঙার চরম প্রতিশোধ! প্রেমিকার বাবাকে মদ খাইয়ে জীবন্ত পোড়ানোর চেষ্টা, ধৃত প্রেমিক

প্রেম ভাঙার চরম প্রতিশোধ! প্রেমিকার বাবাকে মদ খাইয়ে জীবন্ত পোড়ানোর চেষ্টা, ধৃত প্রেমিক

আলিপুরদুয়ার: প্রেমিকা সম্পর্ক ভেঙে বেরিয়ে আসতে চাওয়াই কি কাল হলো? আক্রোশের বশে প্রেমিকার বাবাকে মদ খাইয়ে বেহুঁশ করে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের ৭ নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লিতে। ঘটনায় অভিযুক্ত অনিলকুমার সরকার নামে ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মদ খাইয়ে ঠান্ডা মাথায় খুনের ছক! পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিবাহিত ওই তরুণীর সঙ্গে অনিলের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কের খাতিরেই অনিল নিয়মিত তাঁদের বাড়িতে যাতায়াত করতেন এবং মাঝেমধ্যেই তরুণীর বাবার সঙ্গে বসে মদ্যপান করতেন। তবে ইদানীং পরিস্থিতি বদলাতে শুরু করে। তরুণী এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইলে অনিলের মনে ক্ষোভের জন্ম হয়। অভিযোগ, সেই আক্রোশ থেকেই প্রৌঢ়কে মদ খাইয়ে ঝিমিয়ে পড়ার সুযোগে খুনের পরিকল্পনা ছকে ফেলেন অনিল।

দাউদাউ করে জ্বলে ওঠে বাড়ি শুক্রবার রাতে সুকান্তপল্লির ওই বাড়িটিতে আচমকাই আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে দাউদাউ করে পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় দমকল। স্থানীয় বাসিন্দা ও দমকলকর্মীদের যৌথ তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এরপরই ঘর থেকে আশঙ্কাজনক ও অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয় তরুণীর বাবাকে। বর্তমানে তিনি আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

হাতেনাতে ফাঁস ছক, ৫ দিনের পুলিশ হেফাজত বাড়িতেই একটি বিউটি পার্লার চালান ওই তরুণী। ঘটনার সময় তিনি পার্লারে থাকায় অনিলকে আগুন লাগাতে দেখে ফেলেন। পুলিশের অনুমান, আগুন লাগিয়ে দুর্ঘটনা হিসেবে চালিয়ে দেওয়ার ছক কেটেছিলেন অভিযুক্ত, কিন্তু তরুণী দেখে ফেলায় সেই পরিকল্পনা ভেস্তে যায়।

অনিলের বিরুদ্ধে ইচ্ছাকৃত অগ্নিসংযোগ ও খুনের চক্রান্তের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাঁকে আদালতে হাজির করা হলে বিচারক ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিতকুমার শাহ জানিয়েছেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে এবং এতে আর কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *