১ অক্টোবর থেকে LPG সিলিন্ডারে বদলে যাচ্ছে নিয়ম, বায়োমেট্রিক না করালে মিলবে না ভর্তুকি

রান্নার গ্যাসের গ্রাহকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট! আগামী ১ অক্টোবরের মধ্যে LPG কানেকশনে আধার বায়োমেট্রিক অথেন্টিফিকেশন সম্পন্ন না করলে আর মিলবে না ভর্তুকির টাকা। কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে এই ই-কেওয়াইসি (e-KYC) না করালে গ্রাহকদের সরাসরি বাজারমূল্যেই সিলিন্ডার কিনতে হবে।
কেন এই নির্দেশিকা? ভুয়ো ও অযোগ্য গ্রাহকদের চিহ্নিত করে ছাঁটাই করতেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। আসল ও যোগ্য পরিবারগুলো যাতে সঠিকভাবে রান্নার গ্যাসের ভর্তুকি পায়, তা নিশ্চিত করাই পেট্রোলিয়াম মন্ত্রকের মূল উদ্দেশ্য।
পরিসংখ্যান কী বলছে? পেট্রোলিয়াম মন্ত্রকের তথ্য অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশের ২৭.৪৩ কোটি গার্হস্থ্য LPG গ্রাহকের মধ্যে প্রায় ৮৯.৯% মানুষ তাঁদের বায়োমেট্রিক ভেরিফিকেশন সম্পন্ন করেছেন। তবে এখনও প্রায় ২.৮ কোটি গ্রাহকের আধার ভেরিফিকেশন বাকি রয়েছে।
বিশেষ দ্রষ্টব্য: আপনি যদি আগে থেকেই আধার বায়োমেট্রিক যাচাইকরণ করিয়ে থাকেন, তবে আপনাকে দ্বিতীয়বার এই প্রক্রিয়া করতে হবে না।
বাড়িতে বসেই বায়োমেট্রিক অথেন্টিফিকেশন করবেন কীভাবে?
গ্রাহকরা মূলত ৩টি সহজ উপায়ে এই কাজ শেষ করতে পারবেন:
- ডেলিভারির সময়: গ্যাস সিলিন্ডার নিয়ে ডেলিভারি বয় বাড়িতে এলে তাঁর কাছে থাকা বিশেষ মোবাইল অ্যাপের মাধ্যমে দরজায় বসেই বায়োমেট্রিক ভেরিফিকেশন করিয়ে নিতে পারেন।
- মোবাইল অ্যাপের সাহায্যে: নিজের স্মার্টফোনে নির্দিষ্ট কো ম্পা নির অফিশিয়াল অ্যাপ ব্যবহার করে আধার অথেন্টিফিকেশন করা সম্ভব:
- ইন্ডেন গ্রাহকদের জন্য: IndianOil One
- ভারতগ্যাস গ্রাহকদের জন্য: Hello BPCL
- এইচপি গ্যাস গ্রাহকদের জন্য: HP Pay
- এজেন্সির শোরুমে গিয়ে: নিজের স্থানীয় LPG ডিস্ট্রিবিউটরের শোরুমে সরাসরি গিয়েও বায়োমেট্রিক ই-কেওয়াইসি করানো যাবে।
ভর্তুকির টাকা পাওয়ার সুবিধা বজায় রাখতে ১ অক্টোবরের আগেই নিজের অ্যাকাউন্টের বায়োমেট্রিক অথেন্টিফিকেশন সম্পন্ন করুন।