ছুটি না নিয়ে স্কুলে অনুপস্থিতি বরদাস্ত নয়! শাস্তির মুখে পড়তে পারেন প্রাথমিক শিক্ষকরা
September 22, 202610:23 am

কলকাতা: বকেয়া ডিএ বা টেট আন্দোলন— বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে গিয়ে আগাম অনুমতি ছাড়াই প্রাথমিক বিদ্যালয়ের অনেক শিক্ষক-শিক্ষিকা স্কুলে অনুপস্থিত থাকছেন বলে বেশ কিছু অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে কড়া পদক্ষেপ করল রাজ্য শিক্ষা দফতর। পঠনপাঠনের পরিবেশ বজায় রাখতে এবং শিক্ষার্থীদের ক্ষতি রুখতে প্রতিটি জেলার স্কুল পরিদর্শকদের (DI) উদ্দেশ্যে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে।
শিক্ষা দপ্তরের তরফে স্পষ্ট জানানো হয়েছে, কোনো শিক্ষকের অনুপস্থিতির কারণে যাতে ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় কোনো প্রভাব না পড়ে, সেটিকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে।
নির্দেশিকায় যে বিষয়গুলিতে জোর দেওয়া হয়েছে:
- অনুমতিহীন অনুপস্থিতিতে ব্যবস্থা: কোনো শিক্ষক বা শিক্ষিকা বৈধ ছুটি মঞ্জুর না করিয়ে স্কুলে অনুপস্থিত থাকলে, তাঁর বিরুদ্ধে নিয়ম মেনে দ্রুত শৃঙ্খলাভঙ্গের প্রক্রিয়া শুরু করতে হবে।
- ছুটির আবেদন খতিয়ে দেখা: কোনো শিক্ষকের ছুটির আবেদন নিয়মমাফিক থাকলে তা পর্যালোচনা করে দ্রুত মঞ্জুর করা যেতে পারে। তবে নিয়মবহির্ভূত কোনো আবেদন মেনে নেওয়া হবে না।
- পুরোনো বকেয়া মামলার নিষ্পত্তি: শুধু বর্তমান ঘটনাই নয়, অতীতে ঘটে যাওয়া অননুমোদিত ছুটির অনিষ্পন্ন বিষয়গুলিও আলাদা করে খতিয়ে দেখে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।