পুজোর মুখেই মা তারা এক্সপ্রেস নিয়ে বড় সুখবর! ব্যারাকপুরে থামবে ট্রেন, জানুন সময়সূচি
উৎসবের মরশুমের ঠিক আগেই উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর ও সংলগ্ন এলাকার বাসিন্দাদের জন্য বড় সুখবর দিল পূর্ব রেল। শিয়ালদহ–রামপুরহাট মা তারা এক্সপ্রেস এবার থেকে থামবে ব্যারাকপুর স্টেশনেও। আগামী ২৩ সেপ্টেম্বর, বুধবার থেকে পরীক্ষামূলক ভাবে এই নতুন স্টপেজ চালু হচ্ছে।
যাঁরা একদিনের মধ্যে তারাপীঠে পুজো দিয়ে ফিরে আসতে চান কিংবা বোলপুর-শান্তিনিকেতন বেড়াতে যেতে চান, তাঁদের কাছে শিয়ালদহ-রামপুরহাট মা তারা এক্সপ্রেস অত্যন্ত জনপ্রিয় ও নির্ভরযোগ্য একটি ট্রেন। এতদিন ব্যারাকপুর সংলগ্ন এলাকার যাত্রীদের এই ট্রেন ধরতে শিয়ালদহ কিংবা নৈহাটি স্টেশনে যেতে হতো। নতুন এই সিদ্ধান্তের ফলে সাধারণ যাত্রী ও পুণ্যার্থীদের সময় ও যাতায়াতের ঝক্কি দুটোই অনেক কমবে।
এক নজরে নতুন সময়সূচি:
- ১৩১৮৭ আপ (শিয়ালদহ – রামপুরহাট): ট্রেনটি শিয়ালদহ থেকে সকাল ৭টা ২০ মিনিটে ছাড়বে এবং সকাল ৭টা ৪১ মিনিটে ব্যারাকপুর পৌঁছাবে। ১ মিনিট দাঁড়িয়ে ৭টা ৪২ মিনিটে রামপুরহাটের উদ্দেশ্যে রওনা দেবে। রামপুরহাট পৌঁছাবে সকাল ১১টা ৫৫ মিনিটে।
- ১৩১৮৮ ডাউন (রামপুরহাট – শিয়ালদহ): রামপুরহাট থেকে দুপুর ২টো ১০ মিনিটে ছেড়ে ট্রেনটি বিকেল ৫টা ৫৩ মিনিটে ব্যারাকপুরে আসবে। ৫টা ৫৪ মিনিটে ছেড়ে শিয়ালদহে পৌঁছাবে সন্ধে ৬টা ৪৫ মিনিটে।
রেলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী। তিনি জানান, ব্যারাকপুরে এই ট্রেনের স্টপেজের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানানো হচ্ছিল। সেই দাবি বাস্তবায়িত হওয়ায় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রেল কর্তৃপক্ষকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন।