নন্দীগ্রাম ও রেজিনগরে মাস্টারপ্ল্যান! মমতার শিবিরকে টেক্কা দিতে প্রস্তুত ঋতব্রতের জোড়া তালিকা

নন্দীগ্রাম ও রেজিনগর—রাজ্যের এই দুই হাইভোল্টেজ উপনির্বাচনে প্রচারের প্রস্তুতিতে কোনো খামতি রাখতে চাইছে না ঋতব্রত শিবির। ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’-কে টেক্কা দিয়ে প্রচারে এগিয়ে যেতে ইতিমধ্যেই শক্তপোক্ত মাস্টারপ্ল্যান তৈরি করে ফেলেছেন তাঁরা। দুই কেন্দ্রের জন্য প্রকাশ করা হয়েছে হেভিওয়েট প্রচারকদের পৃথক দুটি তালিকা।
নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নির্দেশে ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ ফুটবল খেলোয়াড় প্রতীক নিয়ে ময়দানে নামছে। অন্যদিকে, ঋতব্রত শিবিরের দল ‘খাম’ প্রতীকে লড়ছে। নন্দীগ্রামে ঋতব্রত শিবিরের প্রার্থী মহম্মদ এতেশামুল হক এবং রেজিনগরে সফিউদ্দিন শেখ।
দুই কেন্দ্রের প্রচারের বিশেষ ছক:
- রেজিনগর: প্রার্থী সফিউদ্দিন শেখের সমর্থনে প্রচারে ঝড় তুলতে নামছেন ঋতব্রত ব্যানার্জি, আখরুজ্জামান, শিউলি সাহা, স্নেহাশিস চক্রবর্তী, সুদীপ রাহা এবং ইমানি বিশ্বাসের মতো প্রথম সারির নেতারা।
- নন্দীগ্রাম: প্রার্থী মহম্মদ এতেশামুল হকের হয়ে ময়দানে নামছেন সমীর পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য ও প্রসূণ ব্যানার্জি।
শীর্ষ নেতৃত্বের পাশাপাশি দুই কেন্দ্রেই পুরোদমে প্রচারে নামানো হচ্ছে স্থানীয় নেতাদের। সূত্রের খবর, আগামিকাল থেকেই শীর্ষ নেতারা সরাসরি প্রার্থীদের সমর্থনে জনসভা ও প্রচার শুরু করবেন। রাজনৈতিক সমীকরণ বজায় রাখতে একাধিক শীর্ষ নেতাকে দুই কেন্দ্রেই সমানভাবে প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে।