‘আর কোনো পদক্ষেপ নয়’, হাইকোর্টে জানালেন রাজ্য আইনজীবী! ভোটের মুখে বড় আপডেট

‘আর কোনো পদক্ষেপ নয়’, হাইকোর্টে জানালেন রাজ্য আইনজীবী! ভোটের মুখে বড় আপডেট

কলকাতা: নন্দীগ্রাম উপনির্বাচনের ঠিক মুখে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে ঘিরে তৈরি হওয়া আইনি টানাপোড়েনে মিলল বড় তথ্য। মিলন প্রধানের বিরুদ্ধে থাকা বাকি পাঁচটি পুরনো মামলায় আপাতত রাজ্য কোনো কড়া পদক্ষেপ করবে না। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত শুনানির পর বিষয়টি স্পষ্ট হয়।

প্রসঙ্গত, ২০০৭ সালের পুরনো মামলায় জারি হওয়া পরোয়ানার ভিত্তিতে সম্প্রতি গ্রেপ্তার হন মিলন প্রধান। বর্তমানে পাঁচটি মামলায় নিম্ন আদালতের নির্দেশে আগামী ৫ অক্টোবর পর্যন্ত তিনি জেল হেফাজতে রয়েছেন। তবে এর বাইরেও মিলনের বিরুদ্ধে আরও পাঁচটি পুরনো মামলা থাকায়, সেগুলিতে রক্ষাকবচ চেয়ে তিনি হাইকোর্টের দ্বারস্থ হন।

মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে শুনানি চলাকালীন মিলনের আইনজীবী অয়ন ভট্টাচার্য প্রশ্ন তুলে বলেন, “২০০৭ সালের পুরনো পরোয়ানার ভিত্তিতে ভোটের মুখে গ্রেপ্তার করা হল। গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার এটি একটি আদর্শ উদাহরণ।”

পাল্টা রাজ্যের পক্ষে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার জানান, “ভোটের সময় মডেল কোড অফ কনডাক্ট মেনে সমস্ত বকেয়া পরোয়ানা কার্যকর করা হচ্ছে, এটি কোনো বিশেষ পদক্ষেপ নয়। তবে বাকি পাঁচটি মামলায় মিলন প্রধান মূল অভিযুক্ত নন। তাই ওই মামলাগুলোতে তাঁর বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হবে না।”

রাজ্যের এই স্পষ্টীকরণের পর বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, এই পরিস্থিতিতে হাইকোর্টের নতুন করে কোনো নির্দেশ দেওয়ার প্রয়োজন নেই। মামলাটির পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *