উত্তাল দিঘার সমুদ্র, ধেয়ে আসছে দুর্যোগ! পর্যটক ও মৎস্যজীবীদের রেড অ্যালার্ট প্রশাসনের

দিঘা: বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে পূর্ব মেদিনীপুরের উপকূলীয় এলাকায় দ্রুত আবহাওয়ার অবনতি ঘটছে। দিঘা, শঙ্করপুর, তাজপুর, জুনপুট ও মন্দারমণি সৈকতে ইতিমধ্যেই সমুদ্রের চেহারা রূপ নিচ্ছে ভয়াল। পরিস্থিতি সামাল দিতে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সৈকতজুড়ে ব্যাপক সতর্কতা জারি করেছে জেলা প্রশাসন ও পুলিশ।
কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
আবহাওয়া দফতরের (IMD) পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরের পশ্চিম-মধ্য ও সংলগ্ন উত্তর-পশ্চিম অংশে তৈরি হওয়া নিম্নচাপটি ক্রমাগত শক্তি বাড়িয়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় এটি আরও ঘনীভূত হয়ে ‘গভীর নিম্নচাপে’ পরিণত হতে পারে। পরবর্তী সময়ে এটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বুধ ও বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি এবং কিছু এলাকায় ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
পর্যটক ও মৎস্যজীবীদের ওপর কড়া নিষেধাজ্ঞা:
- পর্যটকদের ওপর নজরদারি: ঢেউয়ের উচ্চতা বাড়তে থাকায় পর্যটকদের সমুদ্রে বেশি দূরে যেতে বারণ করা হচ্ছে। দিঘা ও সংলগ্ন সৈকতগুলিতে টানা মাইকিং চালিয়ে পর্যটকদের ডাঙায় থাকার পরামর্শ দিচ্ছে পুলিশ।
- মৎস্যজীবীদের ফেরত আসার নির্দেশ: আগামী বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যারা ইতিমধ্যেই সমুদ্রে রওয়ানা হয়েছিলেন, তাঁদের দ্রুত ট্রলার নিয়ে নিরাপদ স্থানে বা উপকূলে ফিরে আসতে বলা হয়েছে।
প্রশাসনের প্রস্তুতি তুঙ্গে:
পূর্ব মেদিনীপুরের জেলাশাসক নিরঞ্জন কুমার জানিয়েছেন, সরাসরি ঘূর্ণিঝড়ের প্রভাব না পড়লেও সমুদ্র উত্তাল থাকায় বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। উপকূলবর্তী এলাকাগুলির ওপর ২৪ ঘণ্টা নজর রাখা হচ্ছে এবং যেকোনো প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় জেলা প্রশাসন সব ধরনের প্রস্তুতি সেরে রেখেছে।