অভিষেকের বাড়ির গেটে ধাক্কা! বড় স্বস্তি বরখাস্ত পুলিশকর্মীর, চাকরি ফেরানোর নির্দেশ হাইকোর্টের

অভিষেকের বাড়ির গেটে ধাক্কা! বড় স্বস্তি বরখাস্ত পুলিশকর্মীর, চাকরি ফেরানোর নির্দেশ হাইকোর্টের

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে গার্ডরেলে গাড়ি ধাক্কা মারার ঘটনায় চাকরি হারিয়েছিলেন এক পুলিশকর্মী। অবশেষে সেই মামলায় বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সংশ্লিষ্ট পুলিশকর্মীকে চাকরি থেকে বরখাস্ত করার রাজ্য প্রশাসনের সিদ্ধান্ত বাতিল করেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

আদালতের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থপ্রতিম রায়ের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, অন্যায় বা ভুল নিশ্চয়ই হয়েছে, তবে তা চাকরি কেড়ে নেওয়ার মতো গুরুতর নয়। তাছাড়া ওই ঘটনায় কেউ আহতও হননি। ফলে বরখাস্তের নির্দেশ বাতিল করে পুলিশ প্রশাসনকে আগামী চার সপ্তাহের মধ্যে নতুন করে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের মতে, চরম শাস্তির বদলে এ ক্ষেত্রে লঘু শাস্তি দেওয়াই যুক্তিযুক্ত।

কী ঘটেছিল সেদিন? ঘটনাটি ২০২৩ সালের ৪ ডিসেম্বরের। কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে একটি মোবাইল টয়লেট ভ্যান ডিউটিতে ছিল। গাড়িটি থেকে দুর্গন্ধ ছড়ানোয় স্থানীয়রা আপত্তি জানান। পরিস্থিতি সামাল দিতে মূল চালকের অনুপস্থিতিতে নিজেই গাড়িটি সরানোর দায়িত্ব নেন ডিউটিতে থাকা পুলিশকর্মী ধীরেন্দ্রনাথ মাহাতো। কিন্তু ভুল গিয়ার পড়ে যাওয়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডরেলে ধাক্কা মারে এবং সেটি গিয়ে লাগে অভিষেকের বাড়ির মূল ফটকে।

দীর্ঘ লড়াই ও স্বস্তি ২০০০ সালে কলকাতা পুলিশের গাড়ির চালক হিসেবে যোগ দেওয়া ধীরেন্দ্রনাথ ২০০৫ সালে হৃদ্‌রোগে আক্রান্ত হন। এরপর থেকে তাঁকে কম চাপের ডিউটি দেওয়া হতো। কিন্তু হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ওই ঘটনার জল গড়ায় অনেক দূর এবং ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ধীরেন্দ্রনাথ। আদালতের সাম্প্রতিক রায়ে অবশেষে স্বস্তির মুখ দেখলেন এই পুলিশকর্মী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *