“ভুলের জন্য এত বড় শাস্তি নয়”, অভিষেকের বাড়ির ঘটনায় বরখাস্ত পুলিশকর্মীকে স্বস্তি আদালতের

কলকাতা: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে গাড়ি সরাতে গিয়ে অনিচ্ছাকৃত ভুলের কারণে চাকরি হারিয়েছিলেন কলকাতা পুলিশের এক চালক। অবশেষে সেই বরখাস্তের সিদ্ধান্ত বাতিল করে ওই পুলিশকর্মীকে বড় স্বস্তি দিল কলকাতা হাই কোর্ট। আদালত স্পষ্ট জানিয়েছে, ভুল হলেও তার জন্য চাকরি থেকে বরখাস্তের মতো চরম শাস্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
কী ঘটেছিল সেদিন? ঘটনাটি ২০২৩ সালের ৪ ডিসেম্বরের। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের সামনে দায়িত্বে ছিল কলকাতা পুলিশের একটি মোবাইল টয়লেট ভ্যান। গাড়ি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে বলে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভ্যানটি সরানোর প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু মূল চালক ঘটনাস্থলে না থাকায় দায়িত্বে থাকা ধীরেন্দ্রনাথ মাহাতো নিজেই গাড়িটি সরানোর চেষ্টা করেন।
কিন্তু অসাবধানতাবশত ভুল গিয়ার পড়ে যাওয়ায় গাড়িটি সোজাসুজি গিয়ে ধাক্কা মারে রাস্তার গার্ডরেলে। সেই ধাক্কায় গার্ডরেলটি গিয়ে লাগে অভিষেকের বাড়ির মূল ফটকে। এই ঘটনার জেরে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি ধীরেন্দ্রনাথকে চাকরি থেকে বরখাস্ত করে প্রশাসন।
হাই কোর্টের পর্যবেক্ষণ ও নির্দেশ ২০০০ সালে কলকাতা পুলিশে যোগ দেওয়া ধীরেন্দ্রনাথ ২০০৫ সালে হৃদ্রোগে আক্রান্ত হন। এরপর থেকে তাঁকে তুলনামূলক হালকা কাজের দায়িত্বে রাখা হতো। অন্যায্য বরখাস্তের বিরুদ্ধে তিনি হাই কোর্টের দ্বারস্থ হন।
মামলাটির শুনানিতে বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থপ্রতিম রায়ের ডিভিশন বেঞ্চ বরখাস্তের নির্দেশ বাতিল করে দেয়। বিচারপতির পর্যবেক্ষণ— ধীরেন্দ্রনাথের ভুল হয়েছিল ঠিকই, তবে সেই ঘটনায় কেউ আহত হননি। তাই এত বড় শাস্তি দেওয়া অযৌক্তিক। আদালত পুলিশ ও প্রশাসনকে নির্দেশ দিয়েছে, তাঁর ভুলের বিষয়টি বিবেচনা করে চার সপ্তাহের মধ্যে লঘু কোনো শাস্তির বিষয়ে নতুন সিদ্ধান্ত গ্রহণ করতে।