“একসময় পেতেন Z+ নিরাপত্তা, এখন শুধু হাউস গার্ড!” সুরক্ষা ফেরাতে আদালতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক

“একসময় পেতেন Z+ নিরাপত্তা, এখন শুধু হাউস গার্ড!” সুরক্ষা ফেরাতে আদালতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক

নিরাপত্তা তুলে নেওয়ার অভিযোগে এবার সরাসরি কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালতে মামলাটি নিয়ে দ্রুত শুনানির আবেদন জানান তাঁর আইনজীবী। বিচারপতি কৃষ্ণ রাও এই মামলা দায়ের করার অনুমতি দিয়ে জানিয়েছেন, আগামী ৬ অক্টোবর বিষয়টির পরবর্তী শুনানি হবে।

সোমবার শুনানির সময় আদালতে অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য জানান, তাঁর মক্কেল রাজ্যের প্রধান বিরোধী দলের সাধারণ সম্পাদক। বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত তিনি ‘জ়েড প্লাস’ (Z+) ক্যাটগরির নিরাপত্তা পেতেন। কিন্তু নির্বাচনের ফল প্রকাশের পর হঠাৎ করেই সেই নিরাপত্তা তুলে নেয় প্রশাসন। বর্তমানে তাঁর সুরক্ষায় শুধু কয়েকজন ‘হাউস গার্ড’ রাখা হয়েছে। নির্বাচনের পর রাজনৈতিক কর্মসূচিতে একাধিকবার তাঁর ওপর হামলা চালানো হয়েছে বলেও আদালতে অভিযোগ জানান তিনি।

উল্লেখ্য, গত মে মাসে বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর প্রথম রাজনৈতিক কর্মসূচিতে গিয়েই আক্রমণের মুখে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোনারপুরে এক নিহত দলীয় কর্মীর বাড়ি যাওয়ার পথে তাঁর গাড়ি লক্ষ্য করে ইট, ডিম এবং জুতো পর্যন্ত ছোঁড়া হয়। তৃণমূল কর্মীরা তাঁকে বাঁচাতে হেলমেট পরালেও, হামলার তীব্রতায় সেটিও খুলে পড়ে।

তৃণমূল ক্ষমতায় থাকাকালীন অভিষেকের নিরাপত্তার জন্য কড়া নজরদারি থাকত এবং তাঁর হরিশ মুখার্জি স্ট্রিটের বাড়িটি প্রায় দুর্ভেদ্য দুর্গের মতো ছিল। তবে রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর সেই বিশেষ নিরাপত্তা প্রত্যাহার করে নেয় প্রশাসন। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, বর্তমানে সাধারণ অন্য সব সাংসদরা যে সুরক্ষা পান, অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ঠিক ততটাই দেওয়া হচ্ছে। তবে জীবন সংশয়ের আশঙ্কা প্রকাশ করেই এবার আদালতের নজর চাইলেন ডায়মন্ড হারবারের সাংসদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *