রোজভ্যালির টাকা ফেরতে কড়া হাইকোর্ট! বঞ্চিত আমানতকারীদের জন্য বেঁধে দেওয়া হলো ডেডলাইন

রোজভ্যালির টাকা ফেরতে কড়া হাইকোর্ট! বঞ্চিত আমানতকারীদের জন্য বেঁধে দেওয়া হলো ডেডলাইন

রোজভ্যালি চিটফান্ড মামলায় বঞ্চিত আমানতকারীদের জমানো টাকা দ্রুত ফেরাতে কড়া পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট। টাকা ফেরানোর প্রক্রিয়ায় দীর্ঘদিনের ঢিলেমি ও চূড়ান্ত গাফিলতিতে চরম অসন্তোষ প্রকাশ করেছে আদালত। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ও বিচারপতি সুদীপ দেবের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগামী ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে আমানতকারীদের সমস্ত টাকা ফেরানোর প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। প্রতি মাসে কমিটিকে আদালতে কাজের অগ্রগতি বা ‘কমপ্লাইন্স রিপোর্ট’ জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

আদালতের অসন্তোষ ও বেআইনি চুক্তি বাতিল হাইকোর্ট জানিয়েছে, কমিটির একমাত্র কাজ ছিল রোজভ্যালির সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের প্রাপ্য টাকা মিটিয়ে দেওয়া। এর বাইরে তাদের কোনো আইনি ক্ষমতা ছিল না। তা সত্ত্বেও নির্দেশ অমান্য করে সহযোগী সংস্থা তৃতীয় পক্ষের সঙ্গে হোটেল পরিচালনার চুক্তি করে, যা বেআইনি। আদালত সমস্ত অনুমোদনহীন চুক্তি শুরু থেকেই বাতিল বলে ঘোষণা করেছে।

আদালতের তথ্য অনুযায়ী, গত ১১ বছরে কমিটির হাতে প্রায় ৬০০ কোটি টাকার সম্পত্তি থাকলেও মাত্র ৫৫.৪৫ কোটি টাকা বন্টন করা হয়েছে। এই দীর্ঘ সময়ে মাত্র ১০টি সম্পত্তির নিলাম এবং ৮০টি সম্পত্তির মূল্যায়ন শেষ হয়েছে। পুরো প্রক্রিয়ায় মাত্র দু’বার প্রচার চালানোয় বহু সাধারণ আমানতকারী আবেদনই জানাতে পারেননি।

হাইকোর্টের বেঁধে দেওয়া গুরুত্বপূর্ণ সময়সীমা:

  • ১৫ নভেম্বর, ২০২৬: অ্যাকাউন্টে জমা থাকা প্রায় ৫৫০ কোটি টাকা মুলতুবি দাবির ভিত্তিতে যোগ্য আমানতকারীদের মধ্যে বন্টন করতে হবে।
  • ৩১ ডিসেম্বর, ২০২৬: সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিসকে (SFIO) ফরেনসিক অডিট শেষ করে চূড়ান্ত রিপোর্ট জমা দিতে হবে।
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৭: সমস্ত সম্পত্তি বিক্রি ও অর্থ বন্টনের কাজ সম্পূর্ণভাবে শেষ করতে হবে।

আদালত আরও স্পষ্ট করেছে, নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ শেষ না হলে পুরো বিষয়টি বিচারপতি এস পি তালুকদারের এক সদস্যের কমিটির হাতে তুলে দেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *