পুজোয় নিশ্চিন্তে শপিং! মেট্রোর ৩ রুটে বাড়ছে বিপুল ট্রেন, নতুন সূচি দেখে নিন

উৎসবের আবহ চারিদিকে, আর পুজোর কেনাকাটায় শহরজুড়ে আমজনতার ভিড়। বিশেষ করে সপ্তাহান্তের ছুটির দিনগুলোতে শপিং মল ও বাজারগুলিতে তিল ধারণের জায়গা থাকছে না। ট্রাম, বাস থেকে শুরু করে মেট্রো—সর্বত্রই সাধারণ মানুষের ঢল। পুজোপ্রেমীদের এই ভিড়ের কথা মাথায় রেখেই এক বড় সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। উৎসবের কেনাকাটা যাতে আরও নির্বিঘ্নে ও মসৃণ হয়, তার জন্য তিন লাইনেই একধাক্কায় মেট্রো পরিষেবা বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে।
কবে কবে মিলবে বাড়তি সার্ভিস? মেত্রো সূত্রে খবর, আগামী ৩ অক্টোবর (শনিবার) থেকে এই বিশেষ পরিষেবা চালু হচ্ছে, যা চলবে ১১ অক্টোবর (রবিবার) পর্যন্ত। মূলত অক্টোবরের প্রথম দুই সপ্তাহান্তের চারদিন— ৩, ৪, ১০ এবং ১১ অক্টোবর পরিবর্তিত ও বর্ধিত সময়সূচীতে চলবে ট্রেন। তবে যাত্রীদের সুবিধার জন্য প্রথম ও শেষ মেট্রোর সময় অপরিবর্তিত রাখা হয়েছে।
শনিবারের মেগা প্ল্যান (৩ ও ১০ অক্টোবর):
- ব্লু লাইন (দক্ষিণেশ্বর-কবি সুভাষ): সাধারণত শনিবারে ২৫২টি ট্রেন চলে। এবার থেকে দুই শনিবার আপ ও ডাউন মিলিয়ে অতিরিক্ত ২০টি ট্রেন চালানো হবে। ফলে পরিষেবার সংখ্যা বেড়ে দাঁড়াবে ২৭২-এ।
- গ্রিন লাইন (হাওড়া ময়দান-সেক্টর ফাইভ): দুই শনিবারে বাড়তি ২৪টি মেট্রো চালু হচ্ছে। মোট ২৩৬টি পরিষেবা পাবেন যাত্রীরা।
- ইয়েলো লাইন (নোয়াপাড়া-জয় হিন্দ বিমানবন্দর): এই রুটে আপ ও ডাউন মিলিয়ে ২৮টি অতিরিক্ত ট্রেন চালানো হবে। সাধারণত ৯২টি ট্রেন চললেও, এই দুই শনিবার মোট ১২০টি পরিষেবা মিলবে।
রবিবারের মেগা প্ল্যান (৪ ও ১১ অক্টোবর):
- ব্লু লাইন: সাধারণত রবিবারে চলা ১৫২টি ট্রেনের জায়গায় এবার চলবে ১৮৮টি মেট্রো (৩৬টি বাড়তি পরিষেবা)।
- গ্রিন লাইন: রবিবারের ট্রেনের সংখ্যা ১১১টি থেকে বাড়িয়ে করা হয়েছে ১২৫টি।
- ইয়েলো লাইন: এই লাইনে রবিবারে আপ ও ডাউন মিলিয়ে মোট ৭৮টি মেট্রো পরিষেবা পাওয়া যাবে।
পুজোর মুখে মেগা শপিংয়ের প্ল্যান থাকলে আর দুশ্চিন্তার কোনো কারণ নেই, মেট্রোর এই বাড়তি সার্ভিসে ভর করেই অনায়াসে সেরা কেনাকাটা সেরে ফেলতে পারেন শহরবাসী!