বিলাসিতার মাসুল! দামি মোবাইল ও সোনার চেন কিনতে ১ মাসের সন্তানকে বিক্রি করল মা-বাবা

বিলাসিতার মাসুল! দামি মোবাইল ও সোনার চেন কিনতে ১ মাসের সন্তানকে বিক্রি করল মা-বাবা

অভাব, দারিদ্র্য কিংবা অন্য কোনো জরুরি কারণ নয়—শুধুমাত্র বিলাসবহুল জীবনযাপন এবং শখ পূরণের খরচ তুলতে নিজের এক মাস বয়সি সন্তানকে বিক্রি করে দিল জন্মদাতা বাবা-মা! চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে।

কীভাবে প্রকাশ্যে এল এই ঘটনা? গত ২০ সেপ্টেম্বর এই ঘটনার সূত্রপাত। শিশুটির মা থানায় হাজির হয়ে তাঁর সঙ্গীর বিরুদ্ধে মারধরের অভিযোগ জানান। পুলিশ যখন সেই অভিযোগের তদন্ত শুরু করে, তখনই কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়ে। তদন্তকারীরা জানতে পারেন, দামি মোবাইল ও সোনার চেন কেনার টাকা জোগাড় করতে নিজেদের এক মাসের শিশুপুত্রকেই বিক্রি করে দিয়েছে ওই যুগল।

লাখ টাকার হাতবদল ও পাচার চক্র: পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবক ও যুবতী দীর্ঘদিন ধরে লিভ-ইন সম্পর্কে ছিলেন। নিজেদের শখ মেটাতে ‘সীমা রেশওয়াল’ নামের এক দালালের কাছে ১ লক্ষ ২০ হাজার টাকায় শিশুপুত্রকে তুলে দেয় তারা। এরপর শুরু হয় বিক্রির হাতবদল:

  • প্রথম হাতবদল: দালাল সীমা সেই শিশুটিকে পাড়েগাঁওয়ের বাসিন্দা সঙ্গীতা নামের এক নারীর কাছে ২ লক্ষ ৭০ হাজার টাকায় বিক্রি করে।
  • দ্বিতীয় হাতবদল: সঙ্গীতা শিশুটিকে ৩ লক্ষ ৫০ হাজার টাকায় বিক্রি করে সুরেশ গুনটুকা নামে এক ভুয়ো চিকিৎসকের কাছে।
  • শেষ গন্তব্য: ওই ভুয়ো চিকিৎসক শিশুটিকে হায়দরাবাদে উমা খতখাম নামে তার এক আত্মীয়ের হাতে তুলে দেয়।

তৎপর পুলিশ, উদ্ধার শিশু: ঘটনা সামনে আসতেই দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ। হায়দরাবাদ থেকে শিশুটিকে সম্পূর্ণ নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং তাকে মহারাষ্ট্রে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

এই মানব পাচার চক্রে জড়িত অভিযুক্ত বাবা-মা সহ অন্যান্যদের গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া, শিশুপুত্রকে বিক্রি করার টাকায় কেনা ২টি দামি স্মার্টফোন এবং সোনার চেনটিও বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *