কলকাতাবাসীর জন্য বড় সুখবর! বকেয়া সম্পত্তি করের সুদ-পেনাল্টিতে ১০০% ছাড়

সামনেই পুরসভা নির্বাচন। তার আগেই কলকাতার বাসিন্দাদের জন্য বড়সড় স্বস্তির খবর নিয়ে এল কলকাতা পুরসভা (KMC)। বকেয়া সম্পত্তি কর (Property Tax) আদায় বাড়াতে সুদ ও জরিমানা (পেনাল্টি)-র ওপর ঢালাও ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নবান্নের সবুজ সংকেত পাওয়ার পর খুব শীঘ্রই চালু হতে চলেছে ‘কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ইনসেনটিভ (ওয়েভার অফ ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টি টু দ্য প্রপার্টি ট্যাক্স পেয়ার) স্কিম ২০২৬’। দ্রুতই এই সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করবে পুরসভা।
কোথায় কতটা ছাড় মিলবে?
- আবাসিক, সরকারি ও ব্যক্তিগত সম্পত্তি: সরকারি, বেসরকারি ও ব্যক্তিগত মালিকানাধীন সম্পত্তির বকেয়া করের ওপর সুদ ও পেনাল্টিতে সম্পূর্ণ ১০০ শতাংশ ছাড় পাওয়া যাবে।
- যৌথ ব্যবহার (বাসস্থান ও ব্যবসা): যে সব সম্পত্তিতে একসঙ্গে ব্যবসা ও বসবাস দুটোই চলে, সে ক্ষেত্রে সুদের ওপর ৮০ শতাংশ এবং পেনাল্টির ওপর ৯৯ শতাংশ ছাড় মিলবে।
- সম্পূর্ণ বাণিজ্যিক সম্পত্তি: পুরোপুরি বাণিজ্যিক কাজে ব্যবহৃত সম্পত্তির ক্ষেত্রে সুদের ওপর ৭০ শতাংশ এবং পেনাল্টির ওপর ৯৯ শতাংশ ছাড় দেওয়া হবে।
নিয়মাবলী ও সময়সীমা:
সরকারি বিজ্ঞপ্তি জারি হওয়ার দিন থেকে পরবর্তী ৬ মাসের মধ্যে বকেয়া কর মেটালে তবেই এই ছাড়ের সুবিধা পাওয়া যাবে। করদাতাদের সুবিধার্থে একবারে টাকা দেওয়ার পাশাপাশি কিস্তিতে (Installment) বকেয়া মেটানোর সুযোগও রাখছে পুরসভা।
এর আগেও একাধিকবার ওয়েভার স্কিম চালু করে বকেয়া কর আদায়ে সাফল্য পেয়েছিল কলকাতা পুরসভা। বিধানসভা নির্বাচনের আদর্শ আচরণবিধির কারণে এতদিন এই ছাড় বন্ধ ছিল। নতুন করে রাজ্য সরকারের সিলমোহর মেলায় এবার সাধারণ শহরবাসীর পকেটের বোঝা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।