ষোলোতেই বিয়ের চাপ! প্রেমিকের জেদ মানতে না পেরে আত্মঘাতী দশম শ্রেণির ছাত্রী

ক্যানিংয়ের তালদি পঞ্চায়েত এলাকার পূর্ব শিবনগর গ্রামে এক নাবালিকা ছাত্রীর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম আসমীরা খাতুন (১৬)। তিনি স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় দুই বছর আগে জীবনতলার এক যুবকের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি ওই তরুণ বিয়ের জন্য বারবার চাপ সৃষ্টি করলে নাবালিকার পরিবার আইনি জটিলতা ও বয়সের কথা উল্লেখ করে তা অস্বীকার করে। অভিযোগ, এই পারিবারিক অনীহা ও প্রেমিকের লাগাতার চাপের জেরে বুধবার দুপুরে নিজ গৃহের ভেতর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার পথ বেছে নেন ওই ছাত্রী।
পরিবার সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে ওই কিশোরী প্রেমিকের সঙ্গে বাড়ি ছেড়ে চলে গেলেও পরিবারের পক্ষ থেকে তাঁকে ফিরিয়ে আনা হয়। ঘটনার দিন সকালেও প্রেমিকের সঙ্গে ফোনে তাঁর কথা হয়েছিল বলে দাবি পরিবারের। প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে দ্রুত ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই আকস্মিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। মৃতার মায়ের অভিযোগের ভিত্তিতে ক্যানিং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।