অনুব্রতের সামনেই পার্টি অফিস তছনছ, বীরভূমের নেতাকে সরাসরি হুমকি ঘিরে চরম উত্তেজনা!

অনুব্রতের সামনেই পার্টি অফিস তছনছ, বীরভূমের নেতাকে সরাসরি হুমকি ঘিরে চরম উত্তেজনা!

বীরভূমের সিউড়িতে ভোটের ফল প্রকাশের পর প্রথমবার তৃণমূলের পার্টি অফিসে গিয়ে চরম জনরোষের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল। বুধবার সিউড়ি পুরাতন বাস স্ট্যান্ডের কাছের অফিসে স্থানীয় নেতৃত্বের সঙ্গে তিনি যখন আলোচনা করছিলেন, ঠিক তখনই তিন যুবক লাঠি ও গাছের ডাল নিয়ে আচমকা ভেতরে ঢুকে তাণ্ডব চালায়। ভাঙচুর করা হয় এসি, কাচের জানলা, টেবিল ও চেয়ার। ঘটনায় অনুব্রত সামান্য আহত হন এবং তাঁকে সরাসরি দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। পরিস্থিতির গুরুত্ব বুঝে পরবর্তীতে বিপুল পুলিশি নিরাপত্তায় তাঁকে সেখান থেকে বোলপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।

জিজ্ঞাসাবাদে অভিযুক্ত যুবকরা জানিয়েছেন, গত ১৫ বছর ধরে তৃণমূলের শাসনে শোষিত ও অত্যাচারিত হওয়ার ক্ষোভ থেকেই এই আক্রমণ, তবে তাঁরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। যদিও আটক করে নিয়ে যাওয়ার সময় তাঁদের মুখে ‘জয় শ্রীরাম’ স্লোগান শোনা গেছে বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শী তৃণমূল সমর্থকরা। বীরভূমের প্রাক্তন দাপুটে নেতার উপস্থিতিতে এমন নজিরবিহীন হামলায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ইতিমধ্যেই অভিযুক্ত তিন যুবককে আটক করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *