১৭৪ যাত্রীর প্রাণ বাঁচিয়ে আসল ‘হিরো’ ভারতীয় পাইলট, প্রশংসায় পঞ্চমুখ মোদী-ট্রাম্প-নেতানিয়াহু!

মাঝআকাশে চরম বিপর্যয় আর মৃত্যুর মুখ থেকে ১৭৪ জন যাত্রীকে ছিনিয়ে এনে আন্তর্জাতিক স্তরে প্রশংসায় ভাসছেন ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছর। বিপদের মুখে তাঁর অসীম সাহসিকতা ও উপস্থিত বুদ্ধির জন্য তাঁকে ‘হিরো’ বলে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু প্রধানমন্ত্রীই নন, ক্যাপ্টেন স্মিতের বীরত্বকে সেলাম জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও।
মাঝআকাশে কী ঘটেছিল? ফ্লাইদুবাইয়ের চলন্ত ফ্লাইটে হঠাৎই তৈরি হয় এক ভয়ংকর পরিস্থিতি। বিমানের সহ-পাইলট আচমকা ছুরি নিয়ে হামলা চালান ক্যাপ্টেন স্মিত মচ্ছরের ওপর। এলোপাতাড়ি কোপে মারাত্মকভাবে জখম হন তিনি। এই আকস্মিক হামলার জেরে ককপিটের নিয়ন্ত্রণ শিথিল হয়ে মাত্র ৩০ সেকেন্ডের কম সময়ে বিমানটি প্রায় ১৪,০০০ ফুট (৪,২৬৭ মিটার) নিচে নেমে যায়। প্লেনটি ক্র্যাশ করার মতো আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয়।
রক্তাক্ত অবস্থাতেও অদম্য লড়াই শরীরে একাধিক গুরুতর আঘাত ও অঝোরে রক্তপাত সত্ত্বেও হার মানেননি মুম্বইয়ের বাসিন্দা ক্যাপ্টেন স্মিত। ককপিটের মেঝেতে পড়ে থাকা অবস্থাতেই তিনি কোনোমতে হাত বাড়িয়ে ডোর রিলিজ বোতামটি চেপে দেন। ককপিটের দরজা খুলে যেতেই ভেতরে ঢুকে পড়েন ক্রু মেম্বার ও যাত্রীরা। সবাই মিলে দ্রুত হামলাকারী পাইলটকে কাবু করে ফেলেন। এর পর বিমানে থাকা অন্য দু’জন অফ-ডিউটি পাইলট জরুরি ভিত্তিতে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে বিমানটিকে নিরাপদে অবতরণ করান।
বিশ্বনেতাদের কুর্নিশ সামাজিক মাধ্যম এক্স-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, “ক্যাপ্টেন স্মিত মচ্ছর একজন আসল হিরো। ভয়াবহ বিপদের মুখেও গুরুতর আহত থাকা সত্ত্বেও তিনি অন্যদের প্রাণ রক্ষায় অসীম সাহস দেখিয়েছেন। তাঁর বীরত্ব শত শত মানুষের জীবন বাঁচাল ও এক বিরাট বিপর্যয় এড়াতে সাহায্য করল। ক্যাপ্টেন মচ্ছরকে নিয়ে ভারত গর্বিত।”
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই ঘটনা নিয়ে কথা বলতে গিয়ে জানান, আশঙ্কাজনক অবস্থায় থেকেও পাইলট যা করেছেন তা সত্যি অসাধারণ ও বীরত্বপূর্ণ। অন্যদিকে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট জানান, রক্তাক্ত অবস্থাতেও স্মিত মচ্ছরের দ্রুত সিদ্ধান্তের জন্যই এতগুলো প্রাণ রক্ষা পেয়েছে।
বর্তমান শারীরিক অবস্থা বর্তমানে উত্তর-পশ্চিম সৌদি আরবের তাবুক শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ক্যাপ্টেন স্মিত। সেখানে তাঁর একটি সফল অস্ত্রোপচার হয়েছে। ভারতীয় দূতাবাস সূত্রে জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। সৌদি কর্তৃপক্ষ ও তাঁর পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে সব রকম সহায়তা করছে ভারতীয় প্রশাসন।