পুজোয় আলো ঝলমলে পাহাড়! দার্জিলিং-ম্যালের নতুন সাজে বরাদ্দ ৫৭ কোটি

পুজোয় আলো ঝলমলে পাহাড়! দার্জিলিং-ম্যালের নতুন সাজে বরাদ্দ ৫৭ কোটি

শিলিগুড়ি: দুর্গাপুজোর দিনগুলিতে পাহাড়ে ঘুরতে ভালোবাসেন হাজার হাজার পর্যটক। তবে উৎসবের মরশুমেও পাহাড়ের পরিবেশ কিছুটা ঝিমিয়েই থাকে। এবার সেই ছবি সম্পূর্ণ বদলে দিতে বড় উদ্যোগ নিল পর্যটন দফতর। আসন্ন দুর্গাপুজোয় আলোয় ঝলমল করে উঠবে দার্জিলিংয়ের চকবাজার ও ম্যাল এলাকা।

বুধবার শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান রাজ্য পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। পর্যটনমন্ত্রী ছাড়াও এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন তিন বিজেপি বিধায়ক এবং পার্বত্য উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বিশাল লামা। পাহাড়ে পর্যটনের পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের বরাদ্দ করা ৫৭ কোটি টাকা কীভাবে খরচ করা হবে, তা নিয়েই বিস্তারিত আলোচনা হয় এই বৈঠকে।

পর্যটনমন্ত্রী জানান, “পুজোকে কেন্দ্র করে পাহাড়ে সেভাবে মাতামাতি হয় না। এবার দার্জিলিং চকবাজার ও ম্যাল-সহ বিস্তীর্ণ এলাকা আলোকসজ্জায় মুড়ে ফেলা হবে। আলোর এই রেশ দার্জিলিং থেকে শুরু করে কার্শিয়াং, কালিম্পং এমনকি শিলিগুড়ি পর্যন্ত ছড়িয়ে পড়বে।”

পাহাড়ের মেকওভারে কী কী থাকছে?

  • নতুন রোপওয়ে: পাহাড়ে পর্যটকদের অভিজ্ঞতা আরও আকর্ষণীয় করতে ৫টি নতুন রোপওয়ে নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
  • পরিকাঠামো ও ওয়েবসাইট সংস্কার: সরকারি বাংলোগুলির পরিকাঠামোগত উন্নতির পাশাপাশি পর্যটন দপ্তরের ওয়েবসাইটকেও নতুনভাবে ঢেলে সাজানো হচ্ছে।
  • যানজট ও বর্জ্য ব্যবস্থাপনা: পর্যটন মরশুমে পাহাড়ে প্রধান সমস্যা যানজট ও আবর্জনা। বৈঠকে এই দুই বিষয়ে কড়া নজর দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
  • অগ্নিসুরক্ষায় বিশেষ জোর: সম্প্রতি সিটংয়ের অগ্নিকাণ্ডের ঘটনা থেকে শিক্ষা নিয়ে পাহাড়ের সমস্ত পর্যটন কেন্দ্র ও বাংলোতে অগ্নিসুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে।
  • অন্যান্য পর্যটন কেন্দ্র: শুধু দার্জিলিং নয়, মংপুর ঐতিহাসিক রবীন্দ্র ভবন এবং কার্শিয়াং ও কালিম্পংয়ের পর্যটন কেন্দ্রগুলিকেও সমান গুরুত্ব দিয়ে প্রচারের আলোয় নিয়ে আসা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *