আবারও বদলাবে আবহাওয়া! দুপুর গড়াতেই নামবে ঝমঝম বৃষ্টি? কী বলছে লেটেস্ট আপডেট

পুজোর আগে রাজ্যে বর্ষার দাপট কমলেও আবহাওয়ায় নতুন মোড় নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় আবহাওয়া মূলত শুকনো ও পরিষ্কার থাকবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন হতে পারে এবং উপকূলের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার দু-এক জায়গায় দুপুর বা বিকেলের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে কলকাতা শহরেও ভারী বৃষ্টির কোনো আশঙ্কা নেই, তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় দিনভর ভ্যাপসা গরম ও গুমোট ভাব বজায় থাকবে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতে মূলত রোদ ঝলমলে পরিষ্কার আবহাওয়া দেখা যাবে।
দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস সীমিত থাকলেও উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ির কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে মালদা ও দুই দিনাজপুরে আবহাওয়া শুকনো থাকবে এবং কোথাও কোনো ভারী বর্ষণ বা দুর্যোগের সতর্কতা জারি করা হয়নি। আগামী চার থেকে পাঁচ দিনেও রাজ্যে বড় ধরনের বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।