হোয়াটসঅ্যাপ বিজনেসে বড় পরিবর্তন, ১ অক্টোবর থেকে মেসেজ পাঠাতে গুনতে হবে মাশুল

হোয়াটসঅ্যাপ বিজনেসে বড় পরিবর্তন, ১ অক্টোবর থেকে মেসেজ পাঠাতে গুনতে হবে মাশুল

ভারতে হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মের মূল্য কাঠামোয় বড় পরিবর্তন আনল মেটা। ১ অক্টোবর থেকে কার্যকর হওয়া এই নতুন নিয়মের অধীনে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট সার্ভিস এবং ইউটিলিটি মেসেজের জন্য আলাদা মাশুল দিতে হবে। নতুন নিয়ম অনুযায়ী, প্রতি ফোন নম্বরে প্রতি মাসে প্রথম ১,০০০টি সার্ভিস মেসেজ বিনামূল্যে পাঠানোর সুবিধা থাকবে। তবে এই ফ্রি কোটা শেষ হলে পরবর্তী প্রতিটি সার্ভিস মেসেজের জন্য ০.১১৫ টাকা মাশুল গুনতে হবে। পাশাপাশি ২৪ ঘণ্টার সক্রিয় কাস্টমার সার্ভিস উইন্ডোর মধ্যে পাঠানো ইউটিলিটি মেসেজের ক্ষেত্রেও এখন থেকে একই দর প্রযোজ্য হবে।

মেটার নতুন তথ্যমতে, প্রতি সফলভাবে পৌঁছানো ইউটিলিটি ও অথেনটিকেশন মেসেজের খরচ নির্ধারণ করা হয়েছে ০.১১৫ টাকা। তবে ভারতে মার্কেটিং মেসেজের হার প্রতি মেসেজে ০.৮৬৩১ টাকাই অপরিবর্তিত থাকছে। এছাড়া যেসব প্রতিষ্ঠান এআই চালিত ‘মেটা বিজনেস এজেন্ট’ ব্যবহার করবে, তাদের প্রতি ১০ লাখ টোকেনের জন্য আলাদাভাবে ২ ডলার দিতে হবে। মেটা স্পষ্ট জানিয়ে দিয়েছে, ১ অক্টোবরের মধ্যে হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে পেমেন্ট পদ্ধতি যুক্ত না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সার্ভিস মেসেজ আদান-প্রদান পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *