দক্ষিণ ভারতের স্টার বিজয়ের দলে ভিড়ছেন হুমায়ুন কবীর!

বঙ্গ রাজনীতির সমীকরণে হঠাৎই এক নয়া মোড় সামনে এসেছে। দক্ষিণ ভারতের মেগাস্টার বিজয় থালাপাতির রাজনৈতিক দল ‘তামিলগা ভেট্রি কড়গম’ (TVK)-এর সাথে হাত মেলানোর স্পষ্ট ইচ্ছা প্রকাশ করেছেন ‘আমজনতা উন্নয়ন পার্টি’র প্রতিষ্ঠাতা নেতা হুমায়ুন কবীর। সম্প্রতি পূর্ব বর্ধমানে কার্যালয় খুলে পশ্চিমবঙ্গে নিজেদের উপস্থিতি জানান দিয়েছে বিজয়ের দল। এরপরই এক সাক্ষাৎকারে হুমায়ুন কবীর জানান, প্রথাগত রাজনীতির বাইরে হেঁটে তিনি নতুন ধারার শক্তির সঙ্গে কাজ করতে চান। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন যে, অধীর চৌধুরীর সাথে সমঝোতা কিংবা কংগ্রেসের সাথে ফের যোগাযোগের আর কোনো প্রশ্নই ওঠে না।
রেজিনগর উপনির্বাচনের পরেই নিজের পরবর্তী পদক্ষেপ নিশ্চিত করতে তামিলনাড়ু যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই রাজনীতিক। সেখানে তিনি সরাসরি বিজয় থালাপাতির সাথে দেখা করে রাজনৈতিক সমঝোতার বিষয়ে চূড়ান্ত কথা বলবেন। হুমায়ুন কবীর জানান, বাংলার মানুষের স্বার্থরক্ষায় তিনি আজীবন বিজয়ের দলের সহযোগী শক্তি হিসেবে কাজ করতে আগ্রহী। স্বচ্ছ প্রশাসন ও সামাজিক উন্নয়নের লক্ষ্য নিয়ে বিজয়ের দল যখন বাংলায় সাংগঠনিক কাজ জোরদার করছে, ঠিক তখনই হুমায়ুনের এই পদক্ষেপ রাজ্যের রাজনৈতিক মহলে এক নতুন জল্পনার জন্ম দিয়েছে।