সার্ভার বিকলে আটকে ডিএ! পুজোর আগে বেতন মেটার পরও কেন চরম উদ্বেগে সরকারি কর্মীরা?

টানা ২০ দিন ধরে কলকাতা পুরসভার কেন্দ্রীয় সার্ভার অচল হয়ে থাকায় স্তব্ধ হয়ে পড়েছে নাগরিক পরিষেবা ও ‘ই-কেএমসি ২.০’ পোর্টাল। এই প্রশাসনিক বিপর্যয়ের সরাসরি প্রভাব পড়েছে পুরকর্মীদের বেতন ও ভাতায়। গত সেপ্টেম্বরের পুরনো হিসাব অনুযায়ী টাকা পাঠানোয় পদোন্নতি পাওয়া কর্মী, ১০০ দিনের কর্মী এবং সিভিক ভলান্টিয়ারদের অনেকেই বর্ধিত বেতন বা বকেয়া থেকে বঞ্চিত হয়েছেন। ম্যানুয়াল বেতন তালিকা তৈরি করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হলেও অসন্তোষ কমেনি।
সামনেই উৎসবের মরশুমে ১৪ ও ১৫ অক্টোবর মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২০ শতাংশ বর্ধিত ডিএ পাওয়ার কথা প্রায় ৩৩ হাজার পুরকর্মীর। কিন্তু সার্ভার সচল না হলে নতুন পে-স্কেল অনুযায়ী কার সঠিক প্রাপ্তি কত, তা নির্ধারণ করা প্রায় আসাম্ভব হয়ে দাঁড়িয়েছে। ফলে পুজোর মুখে এই বকেয়া ও বর্ধিত ডিএ কবে অ্যাকাউন্টে পৌঁছাবে, তা নিয়ে তীব্র উৎকণ্ঠা বিরাজ করছে পুরকর্মীদের মধ্যে। যদিও জনকল্যাণ শিবিরের জন্য বিকল্প সার্ভার বসানো হয়েছে, তবে মূল সার্ভার স্বাভাবিক হওয়ার অপেক্ষায় সকলে।