দুর্গাপুজো থেকে কালীপুজো: রেশনে একদম বিনামূল্যে মিষ্টি তৈরির সামগ্রী, সুবিধা পাবেন কারা?

কলকাতা: পুজোর আগেই রাজ্যবাসীর জন্য বিরাট সুখবর! উৎসবের মরশুমে রেশন গ্রাহকদের মুখে হাসি ফোটাতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নিয়মিত চাল, গম ও আটার পাশাপাশি এবার সম্পূর্ণ বিনামূল্যে মিলবে চিনি এবং ময়দা। দুর্গাপুজো থেকে শুরু করে আগামী নভেম্বর মাসের কালীপুজো পর্যন্ত রেশন ব্যবস্থার মাধ্যমে এই বিশেষ সুবিধা দেওয়া হবে।
খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া জানিয়েছেন, এই সিদ্ধান্ত কেবল দুর্গাপুজোর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, পুরো উৎসবের মরশুম জুড়েই উপভোক্তারা এই অতিরিক্ত খাদ্যসামগ্রী বিনামূল্যে পাবেন।
কেন এই বিশেষ উদ্যোগ? পুজোর দিনে ঘরে ঘরে নানা ধরনের মিষ্টি, লুচি ও মুখরোচক খাবার তৈরির হিড়িক পড়ে। ফলে এই সময়ে বাজার থেকে চিনি ও ময়দা কেনার চাহিদা ও খরচ দুটিই অনেক বেড়ে যায়। ঊর্ধ্বমুখী বাজারদরের মধ্যে সাধারণ মানুষের পকেটের টান কমাতে এবং উৎসবের দিনগুলোকে আরও আনন্দদায়ক করতেই রাজ্য সরকারের এই বিশেষ উপহার।
কোন কার্ডে কত খাদ্যসামগ্রী বরাদ্দ? কোন শ্রেণির রেশন কার্ডে ঠিক কতটা চিনি ও ময়দা দেওয়া হবে, তা নিয়ে খুব শীঘ্রই খাদ্য দপ্তরের তরফে চূড়ান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে।
বর্তমানে প্রচলিত নিয়ম অনুযায়ী বিভিন্ন কার্ডে খাদ্যশস্যের সাধারণ বরাদ্দ নিচে দেওয়া হলো:
- AAY (অন্ত্যোদয় অন্ন যোজনা): পরিবারপিছু ২১ কেজি চাল এবং ১৪ কেজি গম (বা ১৩.৩ কেজি ফর্টিফায়েড আটা)।
- PHH ও SPHH: মাথাপিছু ৩ কেজি চাল এবং ২ কেজি গম (বা ১.৯ কেজি ফর্টিফায়েড আটা)।
- RKSY-I: মাথাপিছু ৫ কেজি চাল।
- RKSY-II: মাথাপিছু ২ কেজি চাল।
এই নিয়মিত বরাদ্দের পাশাপাশি অতিরিক্ত চিনি ও ময়দার পরিমাণ ঠিক করতে খাদ্য দপ্তরে একদফা আলোচনা হবে। সিদ্ধান্ত চূড়ান্ত হলেই অফিসিয়াল নির্দেশিকা জারি করে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।