বারাণসীতে বাণিজ্য বৈঠক! যোগীরাজ্যে গিয়ে বাংলায় বিনিয়োগ টানতে কোন বড় ছক কষছেন শমীক?

পশ্চিমবঙ্গের সঙ্গে আধ্যাত্মিক রাজধানী বারাণসীর বাণিজ্যিক সম্পর্ক আরও নিবিড় করতে এবং বঙ্গে বিনিয়োগ টানতে উত্তরপ্রদেশ সফরে যাচ্ছেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। চলতি অর্থবর্ষের বাজেটে দুই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা মসৃণ করতে আলাদা করিডর তৈরির ঘোষণার পর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। পুজোর ঠিক মুখেই শনিবার নির্ধারিত এই বারাণসী যাত্রায় বেনারসি শাড়ি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ী ও স্থানীয় কারিগরদের সঙ্গে বিশেষ বৈঠকের কর্মসূচি রয়েছে তাঁর।
সূত্রের খবর, উত্তরপ্রদেশে বসবাসকারী বাঙালি সম্প্রদায়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন শমীক, যাঁদের জীবিকার পথ সুগম করতে যোগী সরকার জমি ও আবাসন দিয়ে সহায়তা করেছে। বাংলার শিল্পক্ষেত্রে বিগত দেড় দশকের জমানার শূন্যতা পূরণ এবং অর্থনৈতিক গতি আনতে এর আগে দিল্লি, মুম্বই ও ইউরোপে গিয়েছেন তিনি। বারাণসীর ঐতিহ্যবাহী বাণিজ্যের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার বাংলার শিল্প ও বিনিয়োগ প্রসারে শমীক ভট্টাচার্যের এই উদ্যোগ বিশেষ মাত্রা যোগ করতে পারে বলে মনে করা হচ্ছে।