‘চালাকি আর বেশিদিন চলবে না,’ ইডি নথিতে মমতার নাম আসতেই তেড়েফুঁড়ে উঠলেন দিলীপ

‘চালাকি আর বেশিদিন চলবে না,’ ইডি নথিতে মমতার নাম আসতেই তেড়েফুঁড়ে উঠলেন দিলীপ

কলকাতা: সারদা কেলেঙ্কারিতে মদন মিত্র, নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় কিংবা রেশন কাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিক— ঘাসফুল শিবিরের একাধিক শীর্ষনেতা দুর্নীতিতে জড়ালেও এতদিন বলা হতো মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ‘স্বচ্ছ’। কিন্তু সেই ধারণায় বড় ধাক্কা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইউনেস্কোর নাম ভাঙিয়ে বেআইনিভাবে দুর্গাপুজোর ‘প্রিভিউ শো’-এর পাস বিক্রির দুর্নীতির টাকা সরাসরি মমতার অ্যাকাউন্টে গিয়েছে বলে দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির নথিতে নাম উঠতেই তা নিয়ে রাজ্য রাজনীতিতে সুর চড়িয়েছে বিজেপি।

‘বর্ষাতি পরে স্নান করার অভ্যাস পুরনো’, তোপ দিলীপের

ঘটনাটি প্রকাশ্যে আসতেই মমতার বিরুদ্ধে তোপ দেগেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। চরম কটাক্ষের সুরে তিনি বলেন, “নিজেকে সততার প্রতিমূর্তি বানিয়ে বাকি সব নেতা-মন্ত্রীকে ফাঁসিয়ে দিয়েছেন উনি। দলটাই আজ দুর্নীতিতে ডুবে গেছে, নেতারা জেলে যাচ্ছেন। অথচ ওনার গায়ে কোনো কালি লাগেনি! এই বর্ষাতি গায়ে দিয়ে স্নান করার অভ্যাসটা ওনার চিরকালের। কিন্তু এবার আসল ঘটনা বেরোচ্ছে, এই চালাকি আর বেশিদিন চলবে না।”

ইন্দ্রনীল সেনকে জিজ্ঞাসাবাদ ও ইডির দাবি

তদন্তকারী সংস্থা সূত্রে খবর, দুর্গাপুজোর প্রিভিউ শো-এর পাসের টাকা সংক্রান্ত অনিয়মের তদন্তেই সম্প্রতি জিজ্ঞাসাবাদ করা হয়েছে ইন্দ্রনীল সেনকে। পরবর্তীতে ইডির জারি করা প্রেস নোটে দাবি করা হয়, ইউনেস্কোর লোগো ও নাম অনুমতি ছাড়া ব্যবহার করে পুজো দেখার টিকিট বিক্রি করা হয়েছিল এবং সেই বাবদ সরাণো টাকার সঙ্গেই যোগ পাওয়া গিয়েছে তৎকালীন মুখ্যমন্ত্রীর নাম।

‘তোলাবাজি চলত ওপরতলা থেকে,’ সরব বিজেপি

এই ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছে বিজেপি নেতৃত্ব। ফেসবুকে পোস্ট করে বিজেপির দাবি, “বাঙালির দুর্গাপুজো কেবল একটি উৎসব নয়, এটি বিশ্বাস, গর্ব ও আবেগের নাম। সেখানে ইউনেস্কোর নাম বেআইনিভাবে ব্যবহার করে টিকিট বিক্রির টাকা সরানো অত্যন্ত গুরুতর অপরাধ।” বিজেপির বক্তব্য, ইডির এই প্রেস নোট প্রমাণ করে দেয় যে তৃণমূল জমানায় তোলাবাজি শুধু নিচু স্তরে ছিল না, বরং ওপরতলা থেকেই তা সুসংগঠিতভাবে চালানো হতো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *