মাসে ৩০০০ টাকা! অন্নপূর্ণা যোজনায় ফের আবেদনের বড় সুযোগ দিল সরকার

রাজ্যের মহিলাদের জন্য বিরাট সুখবর! যারা এখনও ‘অন্নপূর্ণা যোজনা’ (Annapurna Yojana)-র সুবিধা থেকে বঞ্চিত, তাদের জন্য ফের সুবর্ণ সুযোগ নিয়ে এল সরকার। শুক্রবার থেকে কলকাতা-সহ গোটা রাজ্যজুড়ে শুরু হচ্ছে বিশেষ জনকল্যাণমুখী শিবির— ‘সেবা সেতু অভিযান’। আর এই শিবির থেকেই অন্নপূর্ণা যোজনা সহ একগুচ্ছ সরকারি প্রকল্পে সরাসরি আবেদন করতে পারবেন সাধারণ মানুষ।
কী এই অন্নপূর্ণা যোজনা? রাজ্য সরকারের এই বিশেষ প্রকল্পের অধীনে ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলাদের প্রতি মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পরিসংখ্যান অনুযায়ী, গত মাসেই দেড় কোটিরও বেশি মহিলা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন এবং নতুন করে যুক্ত হয়েছেন আরও ১০ লক্ষ উপভোক্তা। যারা এখনও নাম তুলতে পারেননি, মূলত তাঁদের কথা ভেবেই রাজ্যের এই বিশেষ উদ্যোগ।
কবে, কোথায় বসছে ক্যাম্প? প্রশাসন সূত্রে খবর, তিন দিনের এই বিশেষ ‘সেবা সেতু’ ক্যাম্প প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। সাধারণ মানুষকে ফর্ম দেওয়া থেকে শুরু করে যাবতীয় সাহায্য করার জন্য উপস্থিত থাকবেন সরকারি আধিকারিকরা। শুধুমাত্র কলকাতাতেই ১৬টি বরো এলাকায় মোট ৫৩টি শিবিরের আয়োজন করা হয়েছে। বরো পিছু থাকছে ৩ থেকে ৫টি ক্যাম্প। সবচেয়ে বড় কথা, প্রতিটি শিবিরে একটি করে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরেরও ব্যবস্থা রাখছে প্রশাসন।
আর কী কী প্রকল্পে আবেদন করা যাবে? এই ক্যাম্পগুলি থেকে শুধুমাত্র অন্নপূর্ণা যোজনাই নয়, বরং রাজ্য ও কেন্দ্রের আরও একাধিক গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক প্রকল্পে আবেদন জানানো যাবে। যার মধ্যে উল্লেখযোগ্য:
- প্রধানমন্ত্রী আবাস যোজনা
- শিক্ষাশ্রী
- জয় জোহার
- পিএম কিষাণ ক্রেডিট কার্ড
- পিএম কিষাণ নিধি
সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতেই রাজ্য সরকারের এই নয়া পদক্ষেপ। তাই আপনিও যদি এই প্রকল্পগুলির সুবিধা পেতে চান, তবে আর দেরি না করে আপনার নিকটবর্তী ‘সেবা সেতু’ ক্যাম্পে গিয়ে আবেদন সেরে ফেলুন।