পুজোর আগে পকেটে ঢুকবে টাকা! সরকারি হাসপাতালের এই কর্মীদের জন্য বিরাট সুখবর

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আসতে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। উৎসবের মরশুমে সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের বোনাস পাওয়ার পালা শুরু হয়ে যায়। এবার রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীদের জন্য পুজোর বোনাস নিয়ে বিরাট ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। ইতিমধ্যেই রাজ্য স্বাস্থ্য দফতরের তরফ থেকে এই সংক্রান্ত একটি নির্দেশিকাও জারি করা হয়েছে।
রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে সাফাই, নিরাপত্তা এবং অন্যান্য পরিচর্যার কাজে বহু চুক্তিভিত্তিক কর্মী নিযুক্ত রয়েছেন। স্বাস্থ্য দফতরের বৃহস্পতিবারের নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়েছে, এই কর্মীদের নিয়োগকারী এজেন্সিগুলোকেই পুজোর আগে কর্মীদের বোনাস মিটিয়ে দিতে হবে। পরবর্তীতে প্রয়োজনীয় নথিপত্র হাসপাতালে জমা দিলে, হাসপাতাল কর্তৃপক্ষ এজেন্সিকে সেই টাকা ফেরত দিয়ে দেবে।
কারা পাবেন এই বোনাস এবং পরিমাণ কত?
নির্দেশিকায় জানানো হয়েছে, গত ৩১ মার্চ শেষ হওয়া অর্থবর্ষে যে সমস্ত কর্মী অন্তত ৩০ দিন কাজ করেছেন, তাঁরা সকলেই এই বোনাস পাওয়ার যোগ্য। বছরে একবারই এই বোনাস দেওয়া হবে। একজন কর্মী সংশ্লিষ্ট অর্থবর্ষে যে বেতন বা মজুরি পেয়েছেন, তার ৮.৩৩ শতাংশ দেওয়া হবে বোনাস হিসেবে। এমনকি, কোনও কর্মীর যদি পুরোনো বোনাসের টাকা বকেয়া থাকে, তবে তিনি সেটি এরিয়ার (Arrear) হিসেবে পেয়ে যাবেন।
রাজ্যের সমস্ত সরকারি স্বাস্থ্য পরিষেবা প্রতিষ্ঠানের ক্ষেত্রেই এই নির্দেশিকা কার্যকর হবে। নির্দেশিকাটি যথাযথভাবে পালনের জন্য ডিরেক্টর অফ হেলথ সার্ভিসেস এবং ডিরেক্টর অফ মেডিক্যাল এডুকেশনকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে উৎসবের মুখে কার্যত খুশির হাওয়া রাজ্যের হাজার হাজার চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মীদের মধ্যে।