ইনস্টা-ইউটিউবে কংগ্রেসের ঝড়! ডিজিটাল ময়দানে রাহুলকে ঠেকাতে মরিয়া বিজেপি

ইনস্টা-ইউটিউবে কংগ্রেসের ঝড়! ডিজিটাল ময়দানে রাহুলকে ঠেকাতে মরিয়া বিজেপি

নিট (NEET) দুর্নীতি এবং দেশজুড়ে ছাত্র বিক্ষোভের আঁচে সম্প্রতি ইস্তফা দিতে হয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। আর এই ড্যামেজ কন্ট্রোলের মাঝেই বিজেপির সামনে নতুন মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া! দলেরই অভ্যন্তরীণ পরিসংখ্যান বলছে, জেন-জ়ি (Gen-Z) প্রজন্মের সবথেকে পছন্দের দুই ডিজিটাল প্ল্যাটফর্ম— ইনস্টাগ্রাম এবং ইউটিউবে পদ্ম শিবিরকে বেশ অনেকটাই পিছনে ফেলে দিয়েছে কংগ্রেস এবং রাহুল গান্ধী।

রাহুল গান্ধীর নেতৃত্বে আয়োজিত ‘ছাত্রোঁ কী গুঞ্জ’ সমাবেশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় হু হু করে বেড়েছে কংগ্রেসের ফলোয়ার্স।

কী বলছে ডিজিটাল পরিসংখ্যান?

  • ইউটিউব: কংগ্রেসের ফলোয়ার্স যেখানে ৭৯.৩ লাখ, সেখানে বিজেপি আটকে রয়েছে ৬৪.২ লাখে।
  • ইনস্টাগ্রাম: এই প্ল্যাটফর্মে কংগ্রেসের ফলোয়ার্স ১.৫৪ কোটি। অন্যদিকে, বিজেপির ফলোয়ার্স মাত্র ৯৯.২ লাখ। এমনকী রাহুল গান্ধীর ব্যক্তিগত অ্যাকাউন্টের ফলোয়ার্সও ১.৬ কোটি ছুঁয়েছে!
  • এর পাশাপাশি, জেন-জ়ি বিক্ষোভের অন্যতম কারিগর ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর ফলোয়ার্স সংখ্যা ইতিমধ্যেই আড়াই কোটি ছাড়িয়ে গিয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই ছাত্র বিক্ষোভের পর থেকেই বিজেপির সোশ্যাল মিডিয়া ফলোয়ার্সের সংখ্যায় ধস নেমেছে।

তবে, এক্স (সাবেক টুইটার) এবং ফেসবুকে এখনও কংগ্রেসের থেকে বেশ কিছুটা এগিয়ে রয়েছে বিজেপি। এক্সে বিজেপির ফলোয়ার্স ২.৩০ কোটি (কংগ্রেস ১.১৫ কোটি) এবং ফেসবুকে ১.৬ কোটি (কংগ্রেস ৬৭ লক্ষ)।

পাল্টা রণকৌশল সাজাচ্ছে পদ্ম শিবির পরিস্থিতি বেগতিক দেখে ময়দানে নেমেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। সদ্য দিল্লিতে আয়োজিত এক ওয়ার্কশপে দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আইটি সেলকে কড়া নির্দেশ দিয়েছেন। তাঁর সাফ কথা, সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস বা রাহুল গান্ধীকে এক ইঞ্চি জমিও ছাড়া যাবে না, সর্বস্তরে তাঁদের কড়া টক্কর দিতে হবে। সম্প্রতি খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মন্ত্রীদের নির্দেশ দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেন-জ়ি’র কাছে সরকারি প্রকল্পের সুফলগুলি তুলে ধরার জন্য।

কিছুদিন আগেই অমিত মালব্যর জায়গায় বিজেপির সোশ্যাল মিডিয়া ইনচার্জের দায়িত্ব পেয়েছেন দীপক মাস্কে। দায়িত্ব পেয়েই বড়সড় চ্যালেঞ্জের মুখে তিনি। ইনস্টাগ্রাম ও ইউটিউবে দলের পিছিয়ে পড়ার কারণ খুঁজে বের করতে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে। এখন রাহুলের এই ডিজিটাল রথ থামাতে আইটি সেল নতুন কী ‘রণকৌশল’ সাজায়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *