‘মেয়ের সৎকারের তদন্তে সিবিআই চাইনি!’ হাইকোর্টের নির্দেশের পরেই ক্ষুব্ধ অভয়ার মা রত্না
আরজি কর কাণ্ডে নির্যাতিতা অভয়ার তড়িঘড়ি দেহ সৎকারের তদন্তভার কলকাতা হাইকোর্ট সিবিআইয়ের হাতে তুলে দিলেও, তা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করলেন তাঁর মা তথা জলহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। তাঁর স্পষ্ট অভিযোগ, প্রথম থেকেই মেয়ের দেহ জোর করে পুড়িয়ে দেওয়ার বিষয়ে চূড়ান্ত উদাসীনতা দেখিয়েছে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। তাই এই পৃথক ঘটনার তদন্তভার সিবিআই পাক, তা পরিবার কখনোই চায়নি।
শুক্রবার ব্যারাকপুরের গান্ধীঘাটে দাঁড়িয়ে আক্ষেপের সুরে রত্না জানান, বারবার দরবার করা সত্ত্বেও কেন্দ্রীয় গোয়েন্দারা এই গুরুত্বপূর্ণ দিকটিকে একেবারেই আমল দেননি। প্রসঙ্গত, কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তড়িঘড়ি দেহ সৎকারের এই ঘটনার তদন্তভার রাজ্য পুলিশের হাতে তুলে দিয়েছিলেন। কিন্তু বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট রাজ্য পুলিশকে ভর্ৎসনা করে সেই সিদ্ধান্ত বাতিল করে এবং তদন্তের দায়িত্ব সিবিআইকে দেয়। আদালতের এই নির্দেশেই ক্ষুব্ধ রত্না দেবনাথ।
তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, এটি আরজি করের মূল ধর্ষণ ও খুনের মামলার সমান্তরাল কোনও প্রক্রিয়া নয়। বরং বলপূর্বক মেয়ের নিথর দেহ পুড়িয়ে দেওয়ার অপরাধে এটি সম্পূর্ণ একটি পৃথক আইনি লড়াই। এই মামলায় অভিযুক্ত নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখোপাধ্যায় জামিন পেয়ে গেলেও, আইনি যুদ্ধ যে এখনই শেষ হচ্ছে না, এদিন সেই হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন অভয়ার মা।