পুজোর আগে বড় উপহার! অর্ধেক দামে রেশনের জিনিস পাবেন কোটি কোটি মানুষ – এক ঝলক

একঝলক ডেস্ক:
রাজ্যের দুই কোটির বেশি রেশন কার্ডধারী পরিবারের জন্য বিশেষ ‘ফেস্টিভ প্যাকেজ’ ঘোষণা করলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। আসন্ন দুর্গাপুজো উপলক্ষে রাজ্যের সমস্ত রেশন গ্রাহকদের জন্য নির্দিষ্ট কিছু সামগ্রীতে এক লাফে ৫০ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। অতীতে রেশনে এই ধরনের পণ্যের ওপর মাত্র ১০ শতাংশ ছাড় দেওয়া হলেও, এবার তা বাড়িয়ে অর্ধেক দামে নিয়ে আসা হলো। এর ফলে ২ কোটি ১২ লক্ষ পরিবার বর্তমান বাজার মূল্যের চেয়ে অনেক কম দামে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে পারবেন।
এই বিশেষ প্যাকেজের আওতায় প্রতিটি পরিবার ১ কেজি চিনি, ১ কেজি ময়দা এবং ২৫০ গ্রাম সুজি পাবে। সরকারের আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও এই উৎসব প্যাকেজের জন্য অতিরিক্ত প্রায় ১১৪ কোটি টাকা ব্যয় করা হচ্ছে। খাদ্যমন্ত্রী স্পষ্ট করেছেন যে, এই সুবিধা কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য নয়, বরং রাজ্যের সমস্ত রেশন কার্ডধারীই এর আওতায় আসবেন। ভবিষ্যতে আর্থিক স্থায়িত্ব এলে আগামী দিনে এগুলি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।