‘২৫ টাকার গেরুয়া গামছা পরেই বিজেপি নেতা হওয়ার স্বপ্ন? নব্যদের কড়া হুঁশিয়ারি কাটোয়া জেলা সভাপতির’ – এক ঝলক

একঝলক ডেস্ক:
কাটোয়া সাংগঠনিক জেলা সভাপতির দায়িত্বভার গ্রহণ করার পরেই নব্য ও দলবদলু নেতাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেন মানিক রায়। শুক্রবার পূর্বস্থলী এক ব্লকের একটি সংবর্ধনা সভা থেকে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, স্রেফ বাজার থেকে কেনা ২৫ টাকার গেরুয়া গামছা গলায় ঝুলিয়ে বা ‘জয় শ্রীরাম’ স্লোগান দিলেই কেউ দলের নেতা হয়ে উঠতে পারেন না। দলের অন্দরে অবাঞ্ছিত বা ‘বেনোজল’ প্রবেশ রোধে শীর্ষ নেতৃত্বের নির্দেশিকার সুরেই জেলা সভাপতি এই কড়া বার্তা দেন।
মানিকবাবুর অভিযোগ, গত ৪ মের পর থেকে তৃণমূলের একাংশের কাটমানি খাওয়া ব্যক্তি ও দুষ্কৃতীরা বিজেপির নাম ভাঙিয়ে দলটিকে কলুষিত করার চেষ্টা চালাচ্ছে। তবে তাদের কঠোরহস্তে চিহ্নিত করা হচ্ছে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তাঁর মতে, প্রকৃত রাজনৈতিক কর্মী হতে হলে নির্দিষ্ট আদর্শকে বুকে ধারণ করে জীবন উৎসর্গ করার মানসিকতা থাকতে হয়। কাটোয়া সভাপতির এই বিস্ফোরক মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা ও চর্চা শুরু হয়েছে।