একুশে মমতার পা ভাঙেইনি! ‘পিজির রিপোর্ট আমার কাছে আছে’, নন্দীগ্রামে দাঁড়িয়ে বিস্ফোরক শুভেন্দু – এক ঝলক

একঝলক ডেস্ক:
২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের বিরুলিয়ায় প্রচারের সময় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে পাঁচ বছর পর বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী। শুক্রবার নন্দীগ্রামের উপনির্বাচনের প্রচারে গিয়ে তিনি দাবি করেন, সেদিন বিরুলিয়ার ঘটনায় মমতার পায়ে আদতে কোনও ফ্র্যাকচারই হয়নি। তৎকালীন এসএসকেএম বা পিজি হাসপাতালের রিপোর্ট তাঁর কাছে সুরক্ষিত রয়েছে উল্লেখ করে শুভেন্দু জানান, লোহার বিমে গাড়ির দরজা লেগে সামান্য চোট লাগলেও ওঁর ডাক্তাররাই নথিতে লিখেছিলেন ‘নো ফ্র্যাকচার’।
পাঁচ বছর আগের সেই প্রসঙ্গ টেনে শুভেন্দুর সংযোজন, সেদিন ভালো পায়ে ব্যান্ডেজ বেঁধে পুরো ঘটনাটিকে প্রচারের হাতিয়ার করা হয়েছিল। এদিন নন্দীগ্রামের উপনির্বাচনে বিজেপি প্রার্থী হাসিরানি রথের সমর্থনে আয়োজিত প্রচারসভা থেকে ওই পুরনো ঘটনার পাশাপাশি আইন-শৃঙ্খলা ও অন্যান্য রাজনৈতিক ইস্যুতেও শাসকদলকে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি। প্রয়োজনে ওই প্রামাণ্য দলিল জনসমক্ষে প্রকাশ্যে আনার কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি ভোটের ময়দানে রাজনৈতিক পারদ আরও চড়িয়ে দিয়েছেন।