ফেসবুকে জাত তুলে গালিগালাজ করলেই এসসি-এসটি অ্যাক্ট! বড় রায় কলকাতা হাই কোর্টের – এক ঝলক

ফেসবুকে জাত তুলে গালিগালাজ করলেই এসসি-এসটি অ্যাক্ট! বড় রায় কলকাতা হাই কোর্টের – এক ঝলক

একঝলক ডেস্ক:

সোশাল মিডিয়ায় জাত, ধর্ম বা পরিবার তুলে কাউকে অপমান বা গালাগালি করা সাধারণ কোনো অপরাধ নয়, এটি সরাসরি তফসিলি জাতি ও উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনের আওতাভুক্ত। সম্প্রতি এক মামলার শুনানিতে এমনই এক স্পষ্ট পর্যবেক্ষণ দিয়েছে কলকাতা হাই কোর্ট। আদালত সাফ জানিয়ে দিয়েছে, ‘জনসমক্ষে অপমান’ বলতে শুধুমাত্র রাস্তাঘাট বা হাটবাজার বোঝায় না, সোশাল মিডিয়ার মতো ভার্চুয়াল দুনিয়াতেও এর ব্যাপ্তি সমানভাবে প্রযোজ্য। বিচারপতি উদয় কুমারের একক বেঞ্চ এই রায় দিয়ে সাইবার অপরাধের ক্ষেত্রে এই আইনের পরিধিকে আরও সুনির্দিষ্ট করেছে।

বেহালা থানায় দায়ের হওয়া একটি মামলার প্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছে হাই কোর্ট। অভিযোগ ছিল, সোশাল মিডিয়ায় দুই ব্যক্তি এক ব্যক্তির বিরুদ্ধে অত্যন্ত অশ্লীল ও অবমাননাকর মন্তব্য করেছেন। তবে ফেসবুক কর্তৃপক্ষ তথ্য না দেওয়ায় পুলিশ আদালতে ‘নিল রিপোর্ট’ জমা দিয়েছিল এবং নিম্ন আদালত তা মেনে নেয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হন আবেদনকারী। হাই কোর্ট নিম্ন আদালতের সেই নির্দেশ খারিজ করে সাইবার-ফরেনসিক বিশেষজ্ঞদের দিয়ে নতুন করে পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *