ফেসবুকে জাত তুলে গালি দিলেই জেল! বড় রায় কলকাতা হাইকোর্টের! – এক ঝলক

একঝলক ডেস্ক:
সামনাসামনি তো বটেই, সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মাধ্যমেও জাত তুলে বা জাতিগত পরিচয় নিয়ে অশালীন মন্তব্য করলে আইনি শাস্তি এড়ানো যাবে না। এক গুরুত্বপূর্ণ মামলায় এই বার্তা স্পষ্ট করে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি উদয় কুমারের বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে, ফেসবুক বা মেটার মতো প্ল্যাটফর্ম থেকে সরাসরি ব্যবহারকারীর তথ্য না পাওয়ার অজুহাতে পুলিশ তদন্ত বন্ধ করে দিতে পারে না। ডিজিটাল মাধ্যমে জাতিগত অপমানের ক্ষেত্রে স্ক্রিনশট এবং অন্যান্য ডিজিটাল প্রমাণও সমানভাবে আইনি গুরুত্ব বহন করে।
আদালত সূত্রে জানা যায়, আলিপুরের বিশেষ আদালত এর আগে পুলিশের ‘নিল’ রিপোর্টের ভিত্তিতে মামলা খারিজ করে দিয়েছিল। তবে সেই নির্দেশ বাতিল করে হাইকোর্ট জানিয়েছে, প্রতিটি ফৌজদারি মামলার নিজস্ব প্রমাণের ভিত্তিতে বিচার হওয়া দরকার। আদালত অপরাধমূলক পোস্টগুলির ডিজিটাল ফুটপ্রিন্ট ও প্রোফাইল লগ শনাক্ত করতে সাইবার-ফোরেনসিক বিশেষজ্ঞ নিয়োগের নির্দেশ দিয়েছে। পাশাপাশি, এই রায় পৌঁছানোর তিন মাসের মধ্যে নতুন করে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।