অপ্রতিরোধ্য হুঙ্কার সেলিমের! দুর্গাপুরের মাটি থেকে কোন মেগা বার্তা দিলেন সিপিআইএম সম্পাদক? – এক ঝলক

একঝলক ডেস্ক:
ধর্মকে ঢাল বানিয়ে দেশের সংবিধান, গণতন্ত্র ও মুক্তচিন্তার ওপর লাগাতার আঘাত হানছে কেন্দ্র ও আরএসএস— দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে প্রয়াত বাম নেতা বিপ্রেন্দু (ভজন) চক্রবর্তীর স্মরণসভায় দাঁড়িয়ে শাসক শিবিরকে এভাবেই তীব্র ভাষায় বিঁধলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। পশ্চিম বর্ধমান জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এই ভিড়ে ঠাসা সভায় তিনি স্পষ্ট জানান, রুটি-রুজির প্রশ্নে মানুষ যেন ঐক্যবদ্ধ হতে না পারে, তাই পরিকল্পিতভাবে সামাজিক মেরুকরণ করা হচ্ছে। আধুনিক দুর্গাপুর গড়ার পেছনে ভজন চক্রবর্তীর দীর্ঘ প্রশাসনিক লড়াই স্মরণ করে সেলিম বলেন, দক্ষিণপন্থীরা যখন লুট ও বিনাশে ব্যস্ত, তখন বামপন্থীদের মূল দর্শনই হলো সমাজ গঠন করা।
জাতীয় রাজনীতি ও জরুরি অবস্থার স্মৃতি টেনে তিনি স্মরণ করিয়ে দেন, গণতন্ত্র সংকটে পড়লে অতীত মতপার্থক্য ভুলে সব শক্তিকে একজোট হতেই হয়। তিনি অভিযোগ তোলেন, চাকরি বিক্রি কাণ্ডে জড়িতদের শাস্তি দেওয়া, স্বচ্ছ নিয়োগ এবং কৃষকের ফসলের উপযুক্ত দাম পাওয়ার মতো মূল দাবি থেকে দৃষ্টি ঘোরাতেই নানা অবান্তর বিতর্ক তৈরি করা হচ্ছে। এক দিকে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে, অন্য দিকে পাহাড়, নদী ও জঙ্গল কর্পোরেটদের হাতে তুলে দেওয়া হচ্ছে। আর এই অবাধ লুটকে ঢাকতেই ধর্মের মোড়ক ব্যবহার করা হচ্ছে দাবি করে সেলিমের স্পষ্ট বার্তা, এই অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।