এক নজরে নতুন নিয়ম, গুজরাটেও এবার কার্যকর হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি – এক ঝলক

একঝলক ডেস্ক:
উত্তরাখণ্ডের পর এবার মোদীর রাজ্য গুজরাটেও কার্যকর হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড (UCC)। মার্চে গুজরাট বিধানসভায় পাশ হওয়া এই বিলটিতে সম্প্রতি সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং রাজ্য সরকারের গেজেটেও তা প্রকাশিত হয়েছে। এর ফলে বিলটি আইনে পরিণত হওয়ার সাংবিধানিক প্রক্রিয়া সম্পূর্ণ হল। এই নতুন আইনের আওতায় ধর্ম বা সম্প্রদায় নির্বিশেষে বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার এবং লিভ-ইন সম্পর্কের মতো বিষয়গুলিকে একটি অভিন্ন ব্যবস্থার অধীনে আনা হচ্ছে। তবে সংবিধানের আওতাধীন তফসিলি জনজাতিদের এই আইনের বাইরে রাখা হয়েছে।
আইনটি পূর্ণাঙ্গভাবে চালু হলে বহুবিবাহ সম্পূর্ণ নিষিদ্ধ হবে এবং বিয়ের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হবে। পুরুষ ও নারীর বিয়ের ন্যূনতম বয়স যথাক্রমে ২১ ও ১৮ বছর বহাল থাকছে। পাশাপাশি লিভ-ইন সম্পর্কের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়মে রেজিস্ট্রেশন করা এবং সম্পর্ক ভাঙলেও তা কর্তৃপক্ষকে জানানো আবশ্যক করা হয়েছে। এছাড়া উইল ছাড়া মারা যাওয়া ব্যক্তির সম্পত্তিতে ছেলে ও মেয়ের সমান অধিকার থাকবে। এমনকি দত্তক, সহায়ক প্রজনন বা বিয়ের বাইরে জন্ম নেওয়া সন্তানরাও আইনি অধিকার পাবে। এখন রাজ্য সরকারের পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমেই আইনটি চালুর চূড়ান্ত দিনক্ষণ স্পষ্ট হবে।